দাঁড়িয়ে থাকা ট্রাককে অ্যাম্বুলেন্সের ধাক্কা, চালক নিহত

বাগেরহাটের মোংলায় দাঁড়িয়ে থাকা ট্রাককে অ্যাম্বুলেন্সের ধাক্কায় অ্যাম্বুলেন্সচালক হারেজ মিয়া (৪৩) নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও দুজন।

শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) ভোর ৬টার দিকে মোংলা-খুলনা মহাসড়কের মোংলা উপজেলার পাওয়ার হাউজ নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। 

নিহত অ্যাম্বুলেন্সচালক যশোর সদরের ভেকুটিয়া এলাকার বাসিন্দা। 

মোংলা থানার এসআই হাদীউজ্জামান জানান, খুলনা থেকে অ্যাম্বুলেন্সে সিজারিয়ান মৃত বাচ্চাসহ চারজনকে নিয়ে মোংলার উদ্দেশে রওনা দেন হারেজ। মোংলার পাওয়ার হাউজ এলাকায় থামানো একটি গ্যাস সিলিন্ডারবোঝাই ট্রাকের পেছনে ধাক্কা দেয় অ্যাম্বুলেন্সটি। এতে ঘটনাস্থলেই অ্যাম্বুলেন্সচালক নিহত হন। 

অ্যাম্বুলেন্সে থাকা আহতদের মোংলা বন্দর কর্তৃপক্ষের হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান তিনি।