নাসিরাবাদ এক্সপ্রেসে কাটা পড়ে প্রাণ গেলো কলেজশিক্ষার্থীর

কিশোরগঞ্জে নাসিরাবাদ এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে সাকিন (২০) নামে এক কলেজশিক্ষার্থীর মৃত্যু হয়েছে। শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) বেলা পৌনে ১১টার দিকে কিশোরগঞ্জ সদরের শোলাকিয়া কানিকাটা কান্দা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

সাকিন গুরুদয়াল সরকারি কলেজের বিজ্ঞান বিভাগের এইচএসসি দ্বিতীয় বর্ষের ছাত্র ছিলেন। তিনি জেলার তাড়াইল উপজেলার দড়ি জাহাঙ্গীরপুর গ্রামের হাবীব ভূঁইয়ার ছেলে।

সাকিনের মামা টিটু বলেন, ‘সাকিন কিশোরগঞ্জ সদরের দক্ষিণ লতিফাবাদ গ্রামে নানার বাড়িতে থেকে গুরুদয়াল সরকারি কলেজে পড়ালেখা করতো। তবে কী কারণে সে কানিকাটা এলাকায় এসেছিল তা জানা নেই পরিবারে লোকজনের।’

এলাকাবাসী রানা ও রোমান মিয়া বলেন, ‘সকাল পৌনে ১১টার দিকে ময়মনসিংহ থেকে কিশোরগঞ্জের উদ্দেশ্যে ছেড়ে আসা নাসিরাবাদ এক্সপ্রেস পৌর শহরের কানিকাটা কান্দা এলাকায় পৌঁছালে ট্রেনে কাটা পড়েন সাকিন। পরে খবর পেয়ে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।’

কিশোরগঞ্জ রেলওয়ে পুলিশের এএসআই মো. ইউনুছ বলেন, ‘সকাল ১১টার দিকে ৯৯৯ নম্বরে কল পেয়ে তারা ঘটনাস্থলে যান। ময়মনসিংহ থেকে কিশোরগঞ্জের দিকে ছেড়ে আসা নাসিরাবাদ এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে সাকিনের মৃত্যু হয়েছে। লাশ উদ্ধার করা হয়েছে।’ প্রাথমিকভাবে দুর্ঘটনার কারণ জানা যায়নি বলে জানান তিনি।