পরীক্ষা কেন্দ্রে নকলে সহায়তা করায় উজিরপুর উপজেলায় এক মাদ্রাসা শিক্ষককে এক বছর কারাদণ্ড দেওয়া হয়েছে। এছাড়া আরও ৪ শিক্ষককে ২০ হাজার টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়েছে।
উজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ঝুমু বালা পরিচালিত ভ্রাম্যমাণ আদালত মঙ্গলবার শিক্ষকদের এ দণ্ড দেন।
এক বছর কারাদণ্ডপ্রাপ্ত মাদ্রাসা শিক্ষক হচ্ছেন সাকরাল আলিম মাদ্রাসার ইংরেজী বিষয়ের শিক্ষক ওমর ফারুক। অর্থদণ্ডে দণ্ডিতরা হচ্ছেন একই মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মো. ইব্রাহিম, সহকারী শিক্ষক মো. রমিজউদ্দিন ও মো. রফিকুল ইসলাম এবং কালিহাতা মাদ্রাসার সহকারী শিক্ষক মোকতার হোসেন। দণ্ডপ্রাপ্ত শিক্ষকরা উজিরপুর আলিম মাদ্রাসা কেন্দ্রে দাখিল পরীক্ষার দায়িত্ব পালন করছিলেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ঝুমুর বালা জানান, মঙ্গলবার দাখিল পরীক্ষায় ইংরেজী দ্বিতীয় পত্রের পরীক্ষা ছিল। শিক্ষক ওমর ফারুক মোবাইলে প্রশ্নপত্রের ছবি তুলে তা কেন্দ্রের বাইরে পাঠান এবং সেখান থেকে উত্তর এনে পরীক্ষার্থীদের সহায়তা করছিলেন।
দণ্ডিত অন্য শিক্ষকরা কক্ষ পরিদর্শকের দায়িত্বে থাকায় তারা পরীক্ষার্থীদের নকলে সহায়তা দিচ্ছিলেন। খবর পেয়ে ইউএনও নিজে উজিরপুর আলিম মাদ্রাসা কেন্দ্র পরিদর্শনে গিয়ে অভিযুক্ত শিক্ষকদের হাতেনাতে আটক করেন।
/এসটি/