যশোরে যুবককে ডেকে নিয়ে দুই পায়ে গুলি

যশোরে এক যুবককে দোকান থেকে ডেকে নিয়ে দুই পায়ে গুলি করেছে দুর্বৃত্তরা। গুলিবিদ্ধের নাম ইদ্রিস আলী বাবু (৩০)।

কোতোয়ালী থানার ওসি ইলিয়াস হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। পূর্ব শত্রুতার কারণে এ ঘটনা ঘটেছে বলে ধারণা করছে পুলিশ।

 একই এলাকার সন্ত্রাসীরা তাকে ডেকে নিয়ে মারধর করার পর ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখমের পর দু’পায়ে গুলি করে বলে জানা গেছে। গুলিবিদ্ধ বাবু যশোর সদরের পাগলাদহ এলাকার রশিদ সরদারের ছেলে।

-

ওসি জানান, মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে কিছু দুর্বৃত্ত বাবুকে দোকান ডেকে নিয়ে দুই পায়ে গুলি করে পালিয়ে যায়। দ্রুত তাকে হাসপাতালে নেওয়া হলে অস্ত্রোপচারের পর তার দু’পা থেকে গুলি বের করা হয়েছে। তবে চিকিৎসকরা জানিয়েছেন, তার আরও অস্ত্রোপচারের প্রয়োজন রয়েছে।

যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের ডা. আব্দুর রশিদ জানান, রাতেই তার ডান পায়ের গুলি বের করা হয়।

বুধবার বেলা সাড়ে ১১টার দিকে যশোর কোতোয়ালী থানার ওসি ইলিয়াস হোসেন জানান, হামলার ঘটনায় কেউ আটক হয়নি। পুলিশের অভিযান চলছে।

তিনি বলেন, ‘এ ঘটনায় কেউই এ পর্যন্ত থানায় কোনও অভিযোগ দেয়নি।’

আহতের মা শাহিদা বেগম ও হাসপাতাল সূত্রে জানা যায়, যশোর শহরতলীর পাগলাদহ এলাকায় একটি চায়ের দোকানে বসেছিলেন বাবু। রাত সাড়ে আটটার দিকে একই এলাকার ইজাজুল, শাহিন, শ্যাম্পু রবিসহ ৭-৮ জন তাকে ধরে নিয়ে যায় পাশের এক মসুরি ক্ষেতে। সেখানে তাকে মারধর এবং ধারাল অস্ত্র দিয়ে কুপিয়ে জখমের পর তার দু’পায়ে হাঁটুর উপরে গুলি করে।

/টিএন/