অষ্টম পে স্কেলে বেতন-ভাতার দাবিতে রংপুরে বেসরকারি শিক্ষকদের মানববন্ধন

রংপুরে বেসরকারী শিক্ষকদের মানববন্ধনঅষ্টম পে স্কেলের ভিত্তিতে বেতন-ভাতার দাবিতে মানববন্ধন ও সমাবেশ করেছেন রংপুর নগরীর বেসরকারি কলেজ ও বিদ্যালয় শিক্ষক সমিতির সদস্যরা। রংপুর প্রেসক্লাব চত্ত্বরে বুধবার বেলা ১১টার দিকে এই মানববন্ধন ও সমাবেশ করা হয়।
এসময় তারা সরকারি ঘোষণা অনুযায়ী ফেব্রুয়ারি মাসের বেতনের সঙ্গে বকেয়াসহ অবসর সুবিধা, বোর্ড ও কল্যাণ ট্রাস্ট ফান্ডের অর্থ বরাদ্দের দাবি জানান। এতে নগরীর কয়েক শ’ শিক্ষক অংশ নেন। সমাবেশে বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি অধ্যক্ষ আব্দুল ওয়াহেদ মিয়া, শিক্ষক নেতা অধ্যক্ষ শাহ রেজাউল ইসলাম ,আব্দুল বাতেন প্রমুখ।
শিক্ষক নেতারা অভিযোগ করে বলেন, এর আগেও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারিরা স্বয়ংক্রিয়ভাবে জাতীয় পে-স্কেলের অন্তর্ভুক্ত হয়েছেন। এবার শিক্ষা মন্ত্রণালয় ঘোষণা করেছে বেসরকারি শিক্ষক কর্মচারীরাও জুলাই ২০১৫ থেকে ৮ম পে- স্কেলে বেতন পাবেন। গত জানুয়ারি থেকে সরকারি কর্মকর্তা কর্মচারিরা বকেয়াসহ তাদের বেতন পেলেও বেসরকারি বিদ্যালয়ের শিক্ষক কর্মচারিরা তা পাচ্ছেন না। এ ব্যাপারে শিক্ষা মন্ত্রী বার বার আশ্বাস দিলেও কাজ হচ্ছে না। তারা অবিলম্বে তাদের বকেয়াসহ ৮ম পে- স্কেলে বেতন দেওয়ার জন্য সরকারের প্রতি দাবি জানান। অন্যথায়  এসএসসি পরীক্ষার পর কঠোর আন্দোলনে যেতে বাধ্য হবেন শিক্ষকরা।
/জেবি/এপিএইচ/