সড়কে সাবেক ছাত্রলীগ নেতাসহ দুজন নিহত

কুষ্টিয়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় সাবেক ছাত্রলীগ নেতাসহ দুই জন নিহত হয়েছেন। হাইওয়ে পুলিশ জানায়, রবিবার (১২ মার্চ) সকালে কুষ্টিয়া মেডিক্যাল কলেজের সামনে এবং শহরের দবির মোল্লাগেট এলাকায় এসব দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন– সদর উপজেলার দেশওয়ালীপাড়ার বশিরুল ইসলামের ছেলে তাবরেজ লিখন (২৬); কুমারখালী উপজেলার লাহিনী বটতৈল এলাকার মৃত সোবিজ উদ্দিনের ছেলে আব্দুর রউফ (৩৮)।

নিহত তাবরেজ লিখন ডাচবাংলা ব্যাংক ঢাকার একটি ব্রাঞ্চে কর্মরত ছিলেন এবং তিনি কুষ্টিয়া শহর ছাত্রলীগের সাবেক যুগ্ম-আহ্বায়ক। অপরজন আব্দুর রউফ পেশায় একজন নির্মাণশ্রমিক।

কুষ্টিয়া হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেবব্রত রায় জানান, সকাল সাড়ে ৬টার দিকে কুষ্টিয়া-রাজবাড়ী আঞ্চলিক সড়কের দবির মোল্লা গেটের পাশে মোটরসাইকেল ও নসিমনের মুখোমুখি সংঘর্ষে শামস তাবরেজ লিখন নামে একজন নিহত হন। লিখন সকালে মোটরসাইকেলযোগে তার কর্মস্থল ঢাকার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়েছিলেন।

তিনি আরও জানান, রবিবার সকাল ৮টার দিকে একই সড়কের কুষ্টিয়া মেডিক্যাল কলেজের সামনে বাসের সঙ্গে ধাক্কা লেগে পথচারী নির্মাণশ্রমিক আবদুর রউফ নিহত হয়েছেন। সংবাদ পেয়ে পৃথক দুটি ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে হাইওয়ে পুলিশ। তবে দুর্ঘটনায় অভিযুক্ত পরিবহন চালকদের আটক করতে পারেনি পুলিশ।