‘চালককে হত্যা করে’ অটোরিকশা ঠেলে নিয়ে যাচ্ছিল ৩ যুবক

নারায়ণগঞ্জের ফতুল্লায় মো. ইউসুফ (৪০) নামে এক ব্যক্তিকে হত্যা করে ব্যাটারিচালিত অটোরিকশা নিয়ে পালানোর সময় তিন যুবককে গ্রেফতার করেছে পুলিশ। ফতুল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রিজাউল হক জানান, এ ঘটনায় রবিবার (১২ মার্চ) ফতুল্লা থানায় একটি হত্যা মামলা হয়েছে।

শনিবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে ফতুল্লার চর কাশিপুর এলাকায় এ ঘটনা ঘটে।

গ্রেফতার তিন জন হলেন– মাহবুব (২৪), কাউসার (২২) ও আমিন (২৩)। তারা একই গ্যারেজের অটোরিকশাচালক।

নিহত ইউসুফ নোয়াখালীর কমলনগর উপজেলার কালকিনি গ্রামের আলী হোসেনের ছেলে। তিনি ফতুল্লার পশ্চিম দেওভোগ এলাকার সুমন মিয়ার ব্যাটারিচালিত অটোরিকশা ভাড়ায় চালাতেন।

ফতুল্লা মডেল থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ মোহসীন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘রাতে তিন যুবক একটি ব্যাটারিচালিত অটোরিকশা ধাক্কা দিয়ে ঠেলে নিয়ে যাচ্ছিলেন। এটা দেখে ডিউটিরত পুলিশের সন্দেহ হয়। এ সময় তিন যুবকের কাছে তাদের পরিচয় ও গাড়ির সমস্যা জানতে চায় পুলিশ। তাদের কথাবার্তা অসংলগ্ন মনে হলে তাদের অটোরিকশা গাড়ির মালিককে ডাকতে বলে পুলিশ। পরে তাদের মালিক সুমন মিয়া এসে ভিন্ন তথ্য দেন। সুমন মিয়া জানান, ওই তিন যুবক এই গাড়ির চালক নয়। তারা সবাই অন্য গাড়ির চালক।’

তিনি আরও বলেন, ‘এই ঘটনায় তিন যুবককে জিজ্ঞাসাবাদ করা হলে তারা হত্যার কথা স্বীকার করেছে। তারা জানান, ওই অটোরিকশার চালককে হত্যা করে চর কাশিপুর এলাকার সড়কের পাশে ফেলে দিয়েছেন। পরে তাদের দেখানো স্থান থেকে চালকের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়। নিহতের গলায় একাধিক আঘাতের চিহ্ন রয়েছে।’