বিএনপি নির্বাচনে অংশ নেওয়ার আগেই হেরে যায়: সেতুমন্ত্রী

ওবায়দুল কাদেরবিএনপি নির্বাচনে অংশ নেওয়ার আগেই হেরে যায় বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, এটা বিএনপির সমস্যা। আন্দোলন-নির্বাচনে ব্যর্থ হয়ে তারা নালিশের রাজনীতির ওপর বেশি গুরুত্ব দিচ্ছে। বৃহস্পতিবার সকালে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের গাজীপুর সিটি করপোরেশনের সালনায় বঙ্গবন্ধু কৃষি বিশ্ববিদ্যালয়ের সামনে ফুট ওভার ব্রিজ উদ্বোধন শেষে তিনি এ সব কথা বলেন।
সেতুমন্ত্রী বলেন, বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল বলছেন, আমরা দখলের প্রকল্প চালু করেছি। আমরা যদি দখল করি, রেজাল্ট ছিনতাই করি, তাহলে ঠাকুরগাঁওয়ে আপনার ভাই কিভাবে বিএনপির টিকিটে পৌরমেয়র নির্বাচিত হলেন? এ প্রশ্নের জবাব কী? তারা তো ৩০টার মতো সিটি করপোরেশনে মেয়র নির্বাচিত হয়েছে। সেগুলো কি দখল করে নির্বাচিত হয়েছেন?
ওবায়দুল কাদের বলেন, ৩ থেকে ৪ বছরের মধ্যে বাংলাদেশে সড়ক যোগাযোগের নেটওয়ার্কে দৃশ্যমান পরিবর্তন হবে। এতে জনগণ সুবিধা পাবে। সড়ক দুর্ঘটনা ও যানজট আমাদের জন্য একটা চ্যালেঞ্জ। এ চ্যালেঞ্জ আমাদের অতিক্রম করতে হবে। সড়ক দুর্ঘটনা ও যানজটের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।
এ সময় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. মাহবুবর রহমান, সড়ক বিভাগের তত্ত্বাবধায়ক প্রকৌশলী সবুজ উদ্দিন খান, গাজীপুরের জেলা প্রশাসক এসএম আলম, গাজীপুর সিটি করপোরেশনের ভারপ্রাপ্ত মেয়র আসাদুর রহমান কিরন এবং সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

/জেবি/এমএনএইচ/