পল্লী চিকিৎসক দেখাতে যাওয়ার পরদিন লাশ মিললো নারীর

বরিশাল সদর উপজেলার রায়পাশা-কড়াপুর ইউনিয়নের বসুরহাট এলাকার নিখোঁজ গৃহবধূ রুবী বেগমের (৪০) লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (৪ এপ্রিল) দুপুরে ওই এলাকার একটি পুকুর থেকে তার লাশ উদ্ধার করা হয়।

নিহত রুবী ওই এলাকার বাবুল বেপারি নামে এক ব্যক্তির স্ত্রী। তাদের পরিবারে এক ছেলে ও এক মেয়ে রয়েছে।

নিহতের স্বামী বাবুল চৌকিদার জানিয়েছেন, সোমবার ইফতার শেষে বৌশেরহাট বাজারের পল্লী চিকিৎসকের কাছে যাওয়ার উদ্দেশ্যে ঘর থেকে বের হন তার স্ত্রী। রাতে আর ঘরে ফেরেনি। ওই রাতে বিভিন্ন জায়গায় খুঁজে তার সন্ধান মেলেনি। আজ সকালে এক লোক খবর দেয় আজাদের পুকুরে স্ত্রীর লাশ ভেসে রয়েছে। এরপর সেখানে গিয়ে লাশ শনাক্ত করে পুলিশে খবর দেওয়া হয়।

বরিশাল মেট্রোপলিটন পুলিশের এয়ারপোর্ট থানার পরিদর্শক (তদন্ত) লোকমান হোসেন জানিয়েছেন, সোমবার রাতে বাসা থেকে বের হওয়ার পর থেকে রুবীর কোনও সন্ধান পাওয়া যাচ্ছিল না।

তিনি আরও জানান, আজ সকালে লাশটি ভাসতে দেখে এলাকাবাসী পুলিশে খবর দেয়। দুপুরে পুকুর থেকে লাশ উদ্ধার করে শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়। ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর কীভাবে মারা গেছে নিশ্চিত হওয়া যাবে। এর আগে কিছু বলা যাচ্ছে না। তার শরীরে কোনও আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।