হবিগঞ্জে মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী

‘চার শিশু হত্যার বিচার হবে বিশেষ ট্রাইব্যুনালে’

হবিগঞ্জে মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রীমহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি বলেছেন, হবিগঞ্জে চার শিশু হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ব্যক্তিদের বিশেষ ট্রাইব্যুনালের মাধ্যমে বিচার করা হবে। আজ শুক্রবার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে বাহুবল উপজেলার সুন্দ্রাটিকি গ্রামে নিহতদের বাড়িতে তাদের স্বজনদের সঙ্গে সাক্ষাত শেষে উপস্থিত সাংবাদিকদের একথা বলেন। তিনি প্রত্যেক শিশুর পরিবারের হাতে নগদ ৫০ হাজার টাকা করে অনুদান তুলে দেন।
প্রতিমন্ত্রী বলেন, কোনও পুলিশ সদস্যের অবহেলার প্রমাণ পাওয়া গেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
এসময় এমপি কেয়া চৌধুরী, এমপি মুনিম চৌধুরী বাবু, জেলা প্রশাসক সাবিনা আলম, পুলিশ সুপার জয়দেব কুমার ভদ্রসহ প্রশাসনের কর্মকর্তারা প্রতিমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন।
এ সময়  এলাকাবাসী এ চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের দ্রুত বিচারের দাবি জানান। পরিবারগুলোর সঙ্গে চুমকির সাক্ষাতের সময় এক হৃদয়বিদারক দৃশ্য তৈরি হয়।
উল্লেখ্য, গত ১২ ফেব্রুয়ারি খেলা করার সময় উপজেলার ভাদেশ্বর ইউনিয়নের সুন্দ্রাটিকি গ্রামের মো. ওয়াহিদ মিয়ার পুত্র জাকারিয়া আহমেদ শুভ (৮), তার চাচাতো ভাই আব্দুল আজিজ-এর পুত্র তাজেল মিয়া (১০) ও আবদাল মিয়ার পুত্র মনির মিয়া (৭) এবং তাদের প্রতিবেশী আব্দুল কাদির-এর পুত্র ইসমাঈল হোসেন (১০) নিখোঁজ হয়। নিখোঁজের ৫ দিন পর বুধবার সকালে তাদের লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় এ পর্যন্ত পাঁচ জনকে আটক করেছে পুলিশ।
নিহতদের বাবা-মা ও স্বজনদের দাবি, পূর্ব শত্রুতার জের ধরে দুই প্রতিবেশী তাদের বংশ ধ্বংস করতেই পরিকল্পিতভাবেই এ কাজ করেছে। নিহতদের আরেক আত্মীয় জানিয়েছেন, গাছের বড়ই পাড়া নিয়েই প্রতিবেশীদের সঙ্গে তাদের ঝগড়া হয়েছিল।

/এফএস/