লালমনিরহাটে জেএমবি সন্দেহে আটক ৩

লালমনিরহাটলালমনিরহাটের পাটগ্রামে জামায়াতুল মুজাহেদিন বাংলাদেশের (জেএমবি) সদস্য সন্দেহে তিন ব্যক্তিকে পুলিশ আটক করেছে। বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১২টা থেকে ভোর ৫টার মধ্যে তাদের আটক করা হয়।
পাটগ্রাম থানা পুলিশ জানায়, মূলত জিজ্ঞাসাবাদের জন্যে তাদের তুলে আনা হয়েছে। পাটগ্রাম থানার উপ-পরিদর্শক(এসআই) নূর আলম সরকার বিষয়টি নিশ্চিত করেন।
আটককৃতরা হলেন রাজধানী ঢাকার কেরানীগঞ্জের নবাবচর (খোলামোড়া) এলাকার মো. শের খান, পাটগ্রাম পৌরসভার স্টেশনপাড়া এলাকার আব্দুর রহমান(৭০) ও উপজেলার দহগ্রাম ইউনিয়নের জুয়েল হোসেন(৪০)।
শুক্রবার সকাল ১১টায় পাটগ্রাম থানার একটি দল আটককৃতদের নিয়ে লালমনিরহাট পুলিশ সুপার টিএম মোজাহিদুল ইসলামের কার্যালয়ের পথে রওয়ানা হয়েছে।
এসআই জানান, গোপন সংবাদের ভিত্তিতে আবাসিক হোটেল ‘পাটগ্রাম মোটেল প্যারাডাইস হোটেল’-এর দ্বিতীয় তলার ২১৩ নম্বর রুমে অভিযান চালিয়ে জেএমবি সদস্য সন্দেহে মো. শের খাঁনকে  আটক করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে ‘পাটগ্রাম হোটেল’-এর তত্ত্বাবধায়ক আব্দুর রহমান ও দহগ্রামের সার ব্যবসায়ী জুয়েল হোসেনকে আটক করা হয়।
পাটগ্রাম থানার অফিসার ইনচার্জ(ওসি) রেজাউল করিম জানান, ‘মো. শের খাঁনসহ আরও দুই ব্যক্তিকে অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য লালমনিরহাট পুলিশ সুপার কার্যালয়ে পাঠানো হয়েছে। এখন পর্যন্ত তাদের ব্যাপারে সুনির্দিষ্ট কোনো অভিযোগের সত্যতা পাওয়া যায়নি।’

এদিকে, আটক ব্যক্তিদের মধ্যে পাটগ্রাম স্টেশনপাড়া এলাকার আব্দুর রহমান ও দহগ্রামের জুয়েল হোসেনের সাথে কথা হলে তারা নিজেদেরকে নির্দোষ দাবি করেছেন।

অপর ব্যক্তি ঢাকা কেরানীগঞ্জের মো. শের খাঁন ব্যবসায়িক কাজে পাটগ্রামে গত ১৬ ফেব্রুয়ারি হতে পাটগ্রাম মোটেল প্যারাডাইস আবাসিক হোটেলে অবস্থান করছেন বলে দাবি করেন।

/এইচকে/