সাতক্ষীরার পাটকেলঘাটার পাচপাড়ায় পলাতক আসামি ধরতে গিয়ে র্যাব সদস্যদের মারপিটের অভিযোগ উঠেছে। এই ঘটনায় র্যাবের পক্ষ থেকে ৩৭ জনকে আসামি করে পাটকেলঘাটা থানায় একটি মামলা করা হয়েছে। ঘটনার পর স্থানীয় ধানদিয়া ইউপি চেয়ারম্যানসহ নয় জনকে গ্রেফতার করেছে র্যাব। রবিবার (৯ এপ্রিল) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে র্যাব-৬।
স্থানীয় সূত্র জানিয়েছে, র্যাব সদস্যরা পাচপাড়া গ্রামে আসামি ধরতে যান। সে সময় ধানদিয়া ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলমের বাড়ির সদস্যরা তাদের ভুয়া র্যাব বলে মারধর করে বাথরুমে আটকে রাখে। পরে র্যাবের অতিরিক্ত ফোর্স গিয়ে তাদের উদ্ধার করে।
প্রেস বিজ্ঞপ্তিতে র্যাব-৬-এর সাতক্ষীরা কোম্পানি জানায়, শনিবার র্যাব-৬ সাতক্ষীরার একটি দল পলাতক আসামির ব্যাপারে তথ্য সংগ্রহের জন্য পাটকেলঘাটা থানার পাঁচপাড়া এলাকায় যান। ওই এলাকায় পলাতক আসামির ব্যাপারে জিজ্ঞাসা করার সময় এক ব্যক্তি র্যাব সদস্যদের পরিচয় নিয়ে সন্দেহ প্রকাশ করেন এবং স্থানীয় কিছু উদ্ধত লোক জড়ো করে। তখন র্যাব সদস্যরা র্যাবের জ্যাকেট পরিহিত অবস্থায় আইডিকার্ড প্রদর্শন করেন। তার পরেও স্থানীয় কিছু দুষ্কৃতকারী ভুয়া র্যাব বলে উসকানি দেওয়ার চেষ্টা করে। সে সময় র্যাব সদস্যদের সঙ্গে দুষ্কৃতকারীদের কথা কাটাকাটি এবং ধস্তাধস্তি হয়। এ সময় দুষ্কৃতকারীরা র্যাব সদস্যদের মারতে উদ্যত হয়। তাৎক্ষণিক র্যাবের টহল দল এলাকায় প্রবেশ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয় এবং নয় জনকে গ্রেফতার করে।
গ্রেফতার নয় জন হলেন- ধানদিয়া ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম (৪৬), সোহাগ সরদার (২৮), কবিরুল ইসলাম (৩৯), আমিনুল ইসলাম (৩৭), আফজাল খাঁ (৫৮), সোহান সরদার (১৯), শহিদুল ইসলাম বাবলু (৫৫), রফিকুল ইসলাম (৩৮) ও আজগর আলীকে (১৮) গ্রেফতার করে।
র্যাব-৬-এর সাতক্ষীরা ক্যাম্পের কমান্ডার মেজর জেএম গালিব হোসাইন বলেন, ‘আমাদের সদস্যদের ওপর হামলা করে সরকারি কাজে বাধা ও হামলার ঘটনায় ধানদিয়া ইউপি চেয়ারম্যানসহ নয় জনকে আটক করা হয়েছে। এ ঘটনায় রাতেই র্যাবের পক্ষ থেকে পাটকেলঘাটা থানায় মামলা হয়েছে।’
পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাঞ্চন কুমার রায় জানান, এ ঘটনায় র্যাব-৬-এর সাতক্ষীরা ক্যাম্পের সিনিয়র ওয়ারেন্ট অফিসার মোহাম্মদ বাবুল মিয়া বাদী হয়ে রবিবার থানায় একটি মামলা (থানা মামলা-৬, জিআর-৬৩) দায়ের করেছেন। মামলায় গ্রেফতার নয় জনসহ ৩৭ জনকে আসামি করা হয়েছে।
গ্রেফতার নয় জনকে রবিবার বিকালে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।