চৈত্রের দুপুরে আগুনে পুড়লো দুটি বসতঘর ও ৩ গরু

কুড়িগ্রাম পৌরসভার গোরস্থানপাড়া এলাকায় একটি বাড়িতে আগুনে দুটি ঘর ভস্মীভূত ও তিনটি গরু পুড়ে মারা গেছে। সোমবার (১০ এপ্রিল) দুপুর আড়াইটার দিকে গোরস্থানপাড়ার বাবু মিয়ার বাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। কুড়িগ্রাম ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার শরীফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

স্থানীয়রা জানান, সোমবার দুপুর ২টার গোরস্থানপাড়া এলাকার বাবু মিয়ার বাড়িতে আগুন দেখতে পেয়ে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়। পরে তাৎক্ষণিক ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে উপস্থিত হয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। কিন্তু ততক্ষণে দুটি ঘর এবং ঘরে থাকা পাঁচটি গরুর মধ্যে তিনটি গরু পড়ে মারা যায়। দুটি গরু উদ্ধার করা হলেও সেগুলোও আহত হয়েছে।

অগ্নিকাণ্ডে প্রায় তিন লাখ টাকার ক্ষতি হয়েছে বলে ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়েছে।

শরীফুল ইসলাম জানান, বৈদ্যুতিক শটসার্কিট থেকে এ আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। আসবাবপত্রসহ দুটি ঘর পুরোপুরি ভস্মীভূত হয়েছে। কয়েকটি গরু পুড়ে মারা গেছে।