সাপের কামড়ে প্রাণ গেলো দেড় বছরের শিশুর

মাদারীপুরের শিবচরে সাপের কামড়ে রাফিয়া খান নামের দেড় বছর বয়সি এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (১০ এপ্রিল) ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু। 

রাফিয়া উপজেলার দত্তপাড়া ইউনিয়নের নয়াবাজার এলাকার গুয়াগাছিয়া গ্রামের রাকিব খানের মেয়ে। 

নিহতের পরিবার সূত্রে জানা যায়, সোমবার রাত ৮টার দিকে শিশুটি ঘরের সিঁড়িতে পা ঝুলিয়ে বসে ছিল। কিছুক্ষণ পর চিৎকার দিলে পরিবারের সদস্যরা ছুটে গিয়ে দেখে পায়ে কামড়ের চিহ্ন। এর পরেই সিঁড়ির নিচে সাপ দেখতে পায়। কিছুক্ষণ পরেই শিশুটি বমি করতে শুরু করলে দ্রুত শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখান থেকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে শিশুটির মৃত্যু হয়।

শিশুটির বাবা রাকিব খান বলেন, ‘রাতে মেয়েটি ঘরের দুয়ারে সিঁড়িতে গিয়ে বসার পরই পায়ে কামড় দিলে মেয়ে ভয়ে চিৎকার দিয়ে উঠে। আমরা প্রথমে বুঝতে পারি নাই যে সাপে কামড় দিছে। ভেবেছি অন্য কিছুতে কামড় দিতে পারে। পরে দেখি সাপ। ততক্ষণে বমি করতে শুরু করে মেয়ে। আমার গলা শক্ত করে জড়িয়ে রেখেছিল! মেয়েটিকে বাঁচানো গেলো না।’