অটোভ্যানে পিকআপের ধাক্কা, প্রাণ গেলো কিশোরীর

বগুড়ার শিবগঞ্জে অটোভ্যানে প্রাইভেট পড়তে যাওয়ার পথে পিকআপ ভ্যানের চাপায় মানসুরা আকতার (১৫) নামে এক কিশোরী নিহত হয়েছে। মঙ্গলবার (১১ এপ্রিল) সকালে উপজেলার মোকামতলা ইউনিয়নের মালাহার এলাকায় ঢাকা-রংপুর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। মোকামতলা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর আশিক ইকবাল এ তথ্য দিয়েছেন।

বগুড়ার শিবগঞ্জের মোকামতলা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের মেম্বর ফুল মিয়া জানান, নিহত মানসুরা আকতার তার ইউনিয়নের মালাহার গ্রামের মুয়াজ্জেম হোসেনের মেয়ে। সে এবার মোকামতলা বালিকা উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী ছিল। মঙ্গলবার বেলা ১০টার দিকে প্রাইভেট পড়ার জন্য বাড়ি থেকে অটোভ্যানে মোকামতলায় যাচ্ছিল সে। অটোভ্যানটি ঢাকা-রংপুর মহাসড়কের মালাহার এলাকায় পৌঁছালে পেছন থেকে আসা একটি পিকআপ ধাক্কা দেয়। এতে মানসুরা অটোভ্যান থেকে ছিটকে মহাসড়কে পড়ে গেলে পিকআপটি তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার চেষ্টা করলে পথিমধ্যে তার মৃত্যু হয়। পরে স্বজনরা পুলিশকে অবহিত না করে মরদেহ বাড়িতে নিয়ে যান।

পুলিশ কর্মকর্তা জানান, এ ব্যাপারে নিহত ছাত্রীর পরিবার কোনও অভিযোগ করেনি। শিবগঞ্জ থানায় অপমৃত্য মামলা হয়েছে।