ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে মাত্র পাঁচ টাকায় শিশুদের মাঝে নতুন জামা বিক্রি করছে নারায়ণগঞ্জের একটি মানবিক সংগঠন। শুক্রবার (১৪ এপ্রিল) দুপুরে শহরের মাসদাইর এলাকায় নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ১৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ও টিম খোরশেদ নামে এই সংগঠনের লিডার মাকছুদুল আলম খন্দকার খোরশেদের উদ্যোগে অস্থায়ী দোকান বসিয়ে এই জামা বিক্রি করা হয়। এ সময় দরিদ্র ও নিম্নবিত্ত পরিবারের শিশু এবং তাদের অভিভাবকরা পাঁচ টাকায় পছন্দমতো জামা কেনেন। এতে সুবিধাবঞ্চিত শিশু এবং তাদের অভিভাবকদের মুখে ফুটে ওঠে হাসি।
জামা বিক্রি শেষে শিশুদের কাছ থেকে নেওয়া পাঁচ টাকা তাদের মাঝেই বিলিয়ে দিয়েছে সংগঠনটি।
পাঁচ টাকার ঈদ জামার অস্থায়ী দোকান ঘুরে দেখা যায়, দোকানে শিশুদের বিভিন্ন সাইজের তিন শতাধিক নতুন জামা সাজিয়ে রাখা হয়েছে। এ সময় বিভিন্ন বয়সের শিশুরা তাদের অভিভাবকদের নিয়ে দোকানে ভিড় করে পছন্দমতো জামা কিনেছে।
ঈদের নতুন জামা পেয়ে খুশি ছয় বছরের শিশু আকিব হাসান বলে, ‘খোরশেদ চাচ্চুর দোকান থেকে পাঁচ টাকা দিয়ে ঈদের নতুন জামা কিনেছি। ছোট বোনের জন্য আরেকটা জামা কেনা হয়েছে। নতুন জামা পেয়ে আমরা দুই ভাই-বোন খুব খুশি।’
মায়ের কোলে চড়ে তিন বছরের শিশু আফসানা আক্তার নতুন জামা কিনতে এসেছে। আফসানার মা রিনা বেগম বলেন, ‘মানুষের বাড়িতে কাজ করে কোনও রকমে সংসার চালাই। ঈদের সময় পরিবারের সবার জন্য জামা কেনার সামর্থ্য নেই। তবে এবার মেয়েকে পাঁচ টাকা দিয়ে ঈদের নতুন জামা কিনে দিয়েছি। খুব ভালো লাগছে। আমাদের কাউন্সিলর খোরশেদের এই উদ্যোগকে স্বাগত জানাই এবং তার জন্য দোয়া করি।’
সংগঠনের লিডার ও কাউন্সিলর মাকছুদুল আলম খন্দকার খোরশেদ বলেন, ‘ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে আমাদের এই উদ্যোগ। সমাজের সামর্থ্যবানদের সন্তানরা শুধু নতুন জামা পরে ঈদ উপভোগ করবে– এমনটা যেন না হয়। সামর্থ্যবানদের পাশাপাশি সমাজের দরিদ্র ও নিম্নবিত্ত পরিবারের সন্তানরাও যেন ঈদের আনন্দ উপভোগ করতে পারে, সেই লক্ষ্যে আমাদের এই উদ্যোগ। এ ছাড়া ছোট ছোট শিশুদের মুখে হাসি দেখার জন্য আমাদের এই উদ্যোগ। সবাই আমাদের সংগঠনের জন্য দোয়া করবেন।’
এ সময় টিম খোরশেদ সংগঠনের অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।
এর আগে, গত বছরের ৭ জুলাই দিনব্যাপী প্রায় দুই শতাধিক দরিদ্র শিশুর মাঝে পাঁচ টাকার বিনিময়ে ঈদের জামা বিক্রি করেছে এই সংগঠনটি।