বগুড়া সম্মিলিত সাংস্কৃতিক জোটের বইমেলা শুরু শনিবার

বগুড়ামহান আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস উদযাপনে সম্মিলিত সাংস্কৃতিক জোট, বগুড়ার আয়োজনে ও জেলা প্রশাসনের সহযোগিতায় ১০ দিনের বইমেলা শুরু হচ্ছে ২০ ফেব্রুয়ারি শনিবার থেকে। বিকাল সাড়ে ৪টায় বগুড়ার কেন্দ্রীয় শহীদ মিনার শহীদ খোকন পার্কে বইমেলার উদ্বোধন ও প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বগুড়া-১ আসনের সংসদ সদস্য আব্দুল মান্নান।
সম্মিলিত সাংস্কৃতিক জোট, বগুড়ার সাধারণ সম্পাদক আবু সাঈদ সিদ্দিকী জানান, বইমেলা উপলক্ষে স্টল বরাদ্ধ দেওয়া হয়েছে। মেলায় প্রতিদিন থাকছে সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানা আয়োজন। সকল প্রস্তুতি ইতোমধ্যে শেষ হয়েছে। ৫০ টির মত স্টল এবার মেলায় স্থান পেয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান আলোচক থাকবেন কবি ও প্রাবন্ধিক বজলুল করিম বাহার, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বগুড়া জেলা প্রশাসক মো. আশরাফ উদ্দিন, বগুড়া পুলিশ সুপার মো. আসাদুজ্জামান, বগুড়া জেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা আলহাজ মমতাজ উদ্দিন, বৃহত্তর বগুড়া সমিতি ঢাকার সভাপতি মাসুদুর রহমান রন্টু। সভাপতিত্ব করবেন সম্মিলিত সাংস্কৃতিক জোট, বগুড়ার সভাপতি তৌফিক হাসান ময়না। বক্তব্য রাখবেন সম্মিলিত সাংস্কৃতিক জোট, বগুড়ার সাধারণ সম্পাদক আবু সাঈদ সিদ্দিকী।
বইমেলার উদ্বোধন শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। এছাড়াও বইমেলা উপলক্ষে প্রতিদিন থাকছে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, নতুন বইয়ের মোড়ক উন্মোচনসহ নানা আয়োজন।
মহান একুশ উদযাপনে জোট ভাষা শহীদদের শ্রদ্ধা জানিয়ে সকাল ৮টায় প্রভাতফেরি, বগুড়ার ভাষা শহীদদের সমাধীতে পুষ্পমাল্য অর্পণ, দোয়া, আলোচনা সভার আয়োজন করেছে। ২৯ ফেব্রুয়ারি বইমেলার সমাপনী অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত থাকবেন জেলা পরিষদ প্রশাসক ডা. মকবুল হোসেন।
/এআর/