চট্টগ্রাম নগরীর দেওয়ানহাটে রেললাইনের পাশে টায়ারের গুদাম, রিকশার গ্যারেজসহ বিভিন্ন দোকানে আগুন লেগেছে। শনিবার (২৯ এপ্রিল) দুপুর ১২টা ৪৫ মিনিটে এ আগুনের ঘটনায় ট্রেনের শিডিউল বিপর্যয় ঘটেছে।
আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের চারটি স্টেশনের ১২টি ইউনিট।
চট্টগ্রাম রেলওয়ে স্টেশনের ম্যানেজার রতন কুমার চৌধুরী বাংলা ট্রিবিউনকে জানান, আগুনের কারণে চট্টগ্রাম থেকে বিজয় এক্সপ্রেস এবং মহানগর প্রভাতী ট্রেন নির্দিষ্ট সময়ে ছেড়ে যেতে পারেনি। এ ছাড়া ঢাকা থেকে ছেড়ে আসা সোনার বাংলা এক্সপ্রেস ট্রেনটি নির্দিষ্ট সময়ে চট্টগ্রাম স্টেশনে পৌঁছাতে পারেনি।
ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আব্দুল হামিদ মিয়া বলেন, ‘নগরীর দেওয়ানহাট এলাকার রেললাইনের পাশে থাকা টায়ার, গ্যারেজসহ বেশ কিছু দোকানে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের আগ্রাবাদ, নন্দনকাননসহ চারটি স্টেশনের ১২টি ইউনিট চেষ্টা চালাচ্ছে।’