রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের চুরি হওয়া বিপুল পরিমাণ সরঞ্জামাদি উদ্ধার এবং চোর চক্রের দুই সদস্যকে গ্রেফতার করেছে র্যাব-৬। রবিবার (৩০ এপ্রিল) র্যাব-৬-এর পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মোসতাক আহমদ এ তথ্য জানিয়েছেন।
গ্রেফতার দুজন হলো– পাবনা জেলা সদরের বিপ্লব হোসেন (১৯) এবং খুলনা মহানগরীর মেহেদী হাসান শান্ত (২৩)।
গ্রেফতারের সময় আসামিদের কাছ থেকে চুরি করা মালামাল, ৫ হাজার ৪৯৫ কেজি মূল্যবান ধাতব সরঞ্জামাদি, ৫০ কেজি তামার তার, চোরাই কাজে ব্যবহৃত একটি মিনি ট্রাক উদ্ধার করা হয়।
র্যাব-৬-এর পরিচালক জানান, শুক্রবার রাতে রামপাল থানাধীন রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের নির্মাণ কাজে ব্যবহৃত মূল্যবান লৌহসামগ্রী কে বা কারা চুরি করে নিয়ে যায়। এ বিষয়ে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের কাজে নিয়োজিত ভেল কোম্পানির সাইট ইনচার্জ র্যাব-৬-এর খুলনার অধিনায়ক বরাবর একটি অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে র্যাব চুরি করা মালামাল উদ্ধার এবং আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রাখে। এরই ধারাবাহিকতায় র্যাব-৬ সদর কোম্পানির একটি দল গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাতে বাগেরহাটের ফকিরহাট থানাধীন কাটাখালী এলাকায় অভিযান চালায়।
অভিযানে চোর চক্রের মূলহোতা পাবনা জেলা সদরের বিপ্লব হোসেন (১৯) এবং খুলনা মহানগরীর মেহেদী হাসান শান্তকে (২৩) গ্রেফতার করে র্যাব। এ সময় তাদের কাছ থেকে চুরি করা মালামাল জব্দ করা হয়। গ্রেফতার আসামিদের বিরুদ্ধে ভেল কোম্পানির সিকিউরিটি ইনচার্জ বাদী হয়ে বাগেরহাট জেলার ফকিরহাট থানায় একটি নিয়মিত মামলা রুজু করেন।