রাজবাড়ী সদর উপজেলার চর খানখানাপুর এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কের পাশ থেকে অজ্ঞাত এক ব্যক্তির (৪৫) মরদেহ উদ্ধার করেছে আহলাদীপুর হাইওয়ে থানা পুলিশ। সোমবার (১ মে) ভোরে মরদেহটি উদ্ধার করা হয়।
স্থানীয়রা জানান, লোকটি বেশ কিছুদিন ধরে এলাকায় মানসিক ভারসাম্যহীভাবে ঘোরাফেরা করতেন। তার মাথায় গুরুতর জখম হয়েছে এবং বাঁ পা থেতলে গেছে। ধারণা করা হচ্ছে, রাতে মহাসড়কে কোনও গাড়ির চাপায় তার মৃত্যু হয়েছে।
আহলাদীপুর হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) জিল্লুর রহমান জানান, ভোর আনুমানিক সাড়ে ৪টার দিকে স্থানীয়রা মহাসড়কের পাশে রক্তাক্ত অবস্থায় ওই ব্যক্তিকে পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন। পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক মৃত ঘোষণা করেন।
মরদেহ রাজবাড়ী সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। পাশাপাশি তার পরিচয় শনাক্তেরও চেষ্টা চলছে।