আ.লীগ সরকারের অধীনে কোনও নির্বাচনে অংশ নেবো না: মির্জা ফখরুল

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘বিগত দুটি নির্বাচনের অভিজ্ঞতা থেকে আমরা এই সিদ্ধান্তে এসেছি, আওয়ামী লীগ সরকারের অধীনে কোনও নির্বাচনে অংশ নেবো না। বিএনপির ১০টি বিভাগীয় শহরের মহাসমাবেশের সফলতা সরকারের বুকে কাঁপন ধরিয়ে দিয়েছে। এখন আমাদের দাবি, এ সরকারের পদত্যাগ, নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার গঠন এবং বর্তমান নির্বাচন কমিশনের পরিবর্তে গ্রহণযোগ্য নির্বাচন কমিশন গঠন করে তার অধীনে নির্বাচন।’

রবিবার (৭ মে) দুপুরে ঠাকুরগাঁওয়ের মির্জা রুহুল আমিন মিলনায়তনে সদর উপজেলা বিএনপির কর্মিসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন বিএনপি মহাসচিব।

সভায় মির্জা ফখরুল আরও বলেন, ‘এই সরকার তাদের ক্ষমতাকে কুক্ষিগত করার জন্য মামলা দিয়ে ত্রাসের রাজত্ব কায়েম করেছে। যাতে কেউ ভয়ে কথা বলতে না পারে সে জন্য মিথ্যা মামলা দিয়ে মুখ বন্ধ করার চেষ্টা করছে। আমাদের নেতা বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের নামে মিথ্যা মামলা দিয়ে নির্বাসিত করা হয়েছে। আমাদের চেয়ারপারসন খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বিদেশে যেতে দিচ্ছে না।’

সরকার ডিজিটাল নিরাপত্তা আইনের মাধ্যমে মামলা দিয়ে হয়রানি করছে এমন অভিযোগ করে তিনি বলেন, ‘আওয়ামী লীগ ভিন্ন আঙ্গিকে ভিন্ন মোড়কে একদলীয় শাসন ব্যবস্থা বাকশাল কায়েম করেছে। চুরি করে, নির্যাতন করে, জেলে দিয়ে গণতন্ত্রকে ধ্বংস করে দিয়েছে। আমাদের ঠাকুরগাঁওয়েও ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়েছে। সাংবাদিক এমদাদুল হক ভুট্টো জিটিভিতে কাজ করেন, তার বিরুদ্ধে মামলা হয়েছে। সারা দেশে অসংখ্য সাংবাদিক, গণতন্ত্রকামী মানুষ এমনকি সাধারণ মানুষের ওপর এই আইনে মামলা দেওয়া হয়েছে।’

এ সময় উপস্থিত ছিলেন– জেলা বিএনপির সভাপতি তৈমুর রহমান, সাধারণ সম্পাদক মির্জা ফয়সাল আমিনসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।