স্বেচ্ছাসেবক লীগ নেতা হত্যা মামলার এক আসামি গ্রেফতার

বগুড়া শহর স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক নাহিদ হাসান (৩০) হত্যা মামলার এক আসামিকে গ্রেফতার করেছে র‌্যাব। বুধবার (১০ মে) রাতে র‌্যাব-১২ এর সদস্যরা তাকে গ্রেফতার করে। 

গ্রেফতার ব্যক্তির নাম রিমন ওরফে ইমন (২৮)। তিনি শহরের মালগ্রাম কসাইপাড়া এলাকার মো. হেলালের ছেলে।

গত মঙ্গলবার রাত ৮টার দিকে শহরের মালগ্রাম ডাবতলা এলাকায় স্বেচ্ছাসেবক লীগ নেতা নাহিদ হাসানকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। এ ঘটনার পর নাহিদের বাবা ঝন্টু ব্যাপারী সদর থানায় শহর বিএনপির ৮ নম্বর ওয়ার্ড শাখার সাংগঠনিক সম্পাদক শরিফুল ইসলাম রতনকে প্রধান করে ১৩ জনের নামে এবং ৪-৫ জনকে অজ্ঞাতনামা হিসেবে মামলা করেন।

তদন্তকারী কর্মকর্তা স্টেডিয়াম পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর হরিদাস মণ্ডল জানান, বিভিন্ন স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। অন্য আসামিদের গ্রেফতারে অভিযান চলছে।

র‌্যাব-১২-এর বগুড়া কোম্পানি কমান্ডার পুলিশ সুপার মীর মনির হোসেন জানান, বুধবার রাত ৮টার দিকে গোপনে খবরে নাহিদ হাসান হত্যা মামলার অন্যতম আসামি রিমন ওরফে ইমনকে সাবগ্রাম এলাকা থেকে গ্রেফতার করা হয়। পরে তাকে সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

এদিকে নাহিদ হাসানকে কুপিয়ে হত্যার ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ জানিয়েছেন জেলা স্বেচ্ছাসেবক লীগ নেতারা।  বৃহস্পতিবার (১১ মে) দুপুরে বগুড়া প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে জেলা সভাপতি সাজেদুর রহমান সাহিন এ হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়ে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।