তরুণীকে রাস্তা থেকে তুলে নিয়ে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার ২

মাদারীপুরের শিবচরে বাজার থেকে বাড়ি ফেরার পথে এক তরুণীকে (১৯) তুলে নিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে। রবিবার (১৪ মে) রাতে এ বিষয়ে মামলা হলে সাগর (১৯) ও আল আমিন (২৪) নামে অভিযুক্ত দুজনকে গ্রেফতার করে পুলিশ। ৮ মে চরাঞ্চলে এ ঘটনা ঘটে।

গ্রেফতার সাগর বন্দরখোলা ইউনিয়নের তাহের শিকদারের কান্দি গ্রামের আবু খালাসির ছেলে এবং আল আমিন ওরফে জিলা শেখ একই এলাকার ফালান শেখের ছেলে।

মেয়েটির দিনমজুর বাবা জানান, তিনি দরিদ্র হওয়ায় এবং মেয়েটি অসুস্থ হয়ে পড়ায় ঘটনার পরপরই তাকে নিয়ে থানায় যেতে পারেননি। পরে রবিবার রাতে অভিযুক্ত চার জনের নামে মামলা করেন।

মামলার বিবরণ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ভুক্তভোগী মেয়েটি গত ৮ মে বিকালে জামা-কাপড় কিনতে বাজারে যান। সন্ধ্যার দিকে বাড়ি ফেরার সময় রাস্তার ব্রিজের ওপর আড্ডা দিতে থাকা অভিযুক্তরা তার গতিরোধ করে ফোন নম্বর চায়। নম্বর না দিয়ে মেয়েটি দ্রুত বাড়ির পথে হাঁটতে থাকলে পিছু নেয় বখাটেরা। নির্জন স্থানে পৌঁছালে পেছন থেকে মুখ চেপে পাশের একটি পাটক্ষেতে নিয়ে ধর্ষণ করে। একপর্যায়ে চিৎকার দিলে স্থানীয়রা এগিয়ে এলে অভিযুক্তরা পালিয়ে যায় এবং এ ঘটনা কাউকে না জানাতে বলে।

ঘটনাটি জানাজানি হলে ছয় দিন পর রবিবার রাতে চার জনের নামে মামলা করেন ভুক্তভোগী। অপর দুই আসামি হলো–  বন্দরখোলা ইউনিয়নের বাক্কাস মোল্লার ছেলে হাসান মোল্লা (২১), লাল মিয়া শিকদারের ছেলে মেহেদী শিকদার (২১)।

শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বলেন, ‘মামলা দায়েরের পরই আমরা অভিযান চালিয়ে দুই জনকে গ্রেফতার করেছি। অন্যদের গ্রেফতারে অভিযান চলছে।’