বগুড়ায় নাঈম ভুঁইয়া (১৮) নামে এক ছাত্রলীগ নেতার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। বুধবার (১৭ মে) সকালে শহরের মালতিনগর এলাকার ভাড়া বাসা থেকে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নাঈম ভুঁইয়া ধুনট উপজেলার উজালসিং গ্রামের আবদুল লতিফের ছেলে। তিনি ধুনটের মথুরাপুর ইউনিয়ন ছাত্রলীগের নবগঠিত কমিটির সাংগঠনিক সম্পাদক ছিলেন। বগুড়ার ওয়াইএমসিএ স্কুল অ্যান্ড কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন তিনি।
বড় ভাই সাদ্দাম হোসেন সাজু বলেন, ‘আমরা দুই ভাই নানিকে নিয়ে শহরের মালতিনগর স্টাফ কোয়ার্টার এলাকায় ভাড়া বাসায় থাকি। নাঈম কয়েকদিন ধরে বাড়িতে টাকা চাচ্ছিল। টাকা না দেওয়ায় সে অভিমান করে। আজ সকালে নাঈমকে বাসায় রেখে আমি বাইরে যাই। নানি তখন রান্না ঘরে ছিলেন। ওই সময় ঘরের আড়ার সঙ্গে গামছা পেঁচিয়ে আত্মহত্যা করে সে।’
‘সকাল সাড়ে ৮টার দিকে আমি বাসায় ঢুকেই নাঈমকে ঝুলন্ত অবস্থায় দেখতে পাই। দ্রুত বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’
সদর থানায় উপপরিদর্শক (এসআই) ইমতিয়াজ আহমেদ বলেন, ‘প্রাথমিক তদন্তে নাঈম ভুঁইয়া আত্মহত্যা করেছেন বলে মনে হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এ ঘটনায় সদর থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।’
জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আল মাহিদুল ইসলাম জয় বলেন, ‘নাঈম ভুঁইয়া ধুনটের মথুরাপুর ইউনিয়ন শাখার সাংগঠনিক সম্পাদক ছিলেন। তার অকাল মৃত্যুতে জেলা ছাত্রলীগে শোকের ছায়া নেমে এসেছে।’