বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) কর্তৃক নিষিদ্ধ ঘোষিত ‘রঙ ফরসা করার ক্রিম’ বিক্রির অভিযোগে কুড়িগ্রামে তিন ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে। বুধবার (১৭ মে) দুপুরে কুড়িগ্রাম শহরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর কুড়িগ্রাম কার্যালয় অভিযান চালিয়ে এই জরিমানা করে। কার্যালয়ের সহকারী পরিচালক মো. মোস্তাফিজুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
মোস্তাফিজুর রহমান জানান, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের মহাপরিচালকের নির্দেশনায় এবং কুড়িগ্রাম জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেটের সহযোগিতায় সদর উপজেলার জিয়াবাজার এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় নিষিদ্ধ ‘রঙ ফরসাকারী’ ক্রিম বিক্রির অপরাধে এনআর প্লাজা মার্কেটের সম্রাট কসমেটিকসকে পাঁচ হাজার টাকা, রিফাত কসমেটিকসকে তিন হাজার টাকা এবং সুপার মার্কেটে অবস্থিত শাড়ি মেলাকে একই অপরাধে তিন হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানে অন্য ব্যবসায়ীদের এই ক্রিম বিক্রি না করার জন্য সতর্ক করা হয়। জেলা স্যানিটারি ইন্সপেক্টর ফরিদুল ইসলাম, মার্কেটিং ইনস্পেক্টর শফিউল আজম এবং কুড়িগ্রাম আনসার ব্যাটালিয়ন সদস্যরা এ অভিযানে সহযোগিতা করেন।
তিনি বলেন, ‘তিন প্রতিষ্ঠানকে মোট ১১ হাজার টাকা জরিমানা করে অর্থ আদায় করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।’