অবৈধভাবে ভারত গিয়ে বিভিন্ন মেয়াদে কারাভোগ শেষে যশোরের বেনাপোল ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে দেশে ফিরেছে ৫০ কিশোর-কিশোরী। বৃহস্পতিবার (১ জুন) সন্ধ্যায় তাদের ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করে।
হস্তান্তর প্রক্রিয়ার সময় ভারতের পশ্চিমবঙ্গে নিযুক্ত বাংলাদেশি উপ-হাইকমিশনের কাউন্সিলর তুসিতা চাকমা বাংলাদেশে এসেছিলেন। তিনি বলেন, ‘বিভিন্ন সময়ে দালালের খপ্পরে পড়ে ভালো কাজের আশায়, আবার কেউ আত্মীয়ের বাড়িতে বেড়াতে ভারতে গিয়েছিল। বিভিন্ন অঞ্চলে বাসা-বাড়িতে কাজ করার সময় তারা ভারতীয় পুলিশের হাতে আটক হয়। সেখানে সাজাভোগের পর তারা দেশে ফিরেছে।’
এ সময় উপস্থিত ছিলেন– বেনাপোল ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান হাবীব, বেনাপোল পোর্ট থানার ওসি কামাল হোসেন ভূঁইয়া, চেকপোস্ট বিজিবি ক্যাম্পের কমান্ডার সুবেদার মাহবুবুর রহমান প্রমুখ।
ফেরত আসা কিশোর-কিশোরীরা কুড়িগ্রাম, কিশোরগঞ্জ, সাতক্ষীরা, যশোর, খুলনা, কক্সবাজার, রাজশাহী, পিরোজপুর ও রংপুর জেলার বাসিন্দা। তারা জানায়, তারা বিভিন্ন মেয়াদে ভারতে কারাভোগ করেছে। দুই দেশের বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে আজ দেশে ফিরেছে। বেনাপোল পোর্ট থানা থেকে তিনটি এনজিও তাদের পরিবারের কাছে হস্তান্তরের জন্য যশোর শেল্টার হোমে নিয়ে যাবে।
বেনাপোল ইমিগ্রেশন ওসি বলেন, ‘পাসপোর্ট ছাড়াই সীমান্তের অবৈধপথে ভারতে গিয়ে বিভিন্ন ধরনের কাজ করার সময় পুলিশের হাতে আটক হয় তারা। পরে পুলিশ তাদের আদালতে পাঠালে কারাদণ্ড হয়। সাজা শেষ হলে তাদের ছাড়িয়ে সে দেশের একটি এনজিও নিজেদের শেল্টার হোমে রাখে। পরে উভয় দেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের হস্তক্ষেপে তাদের দেশে ফিরিয়ে আনা হয়। ট্রাভেল পারমিটের মাধ্যমে ইমিগ্রেশনের আনুষ্ঠানিকতা শেষে তাদের বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়।’