খুলনার বটিয়াঘাটার আমিরপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আমীর আজম খান হত্যার ঘটনায় বিস্ফোরক মামলায় তিনজনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এছাড়াও তাদের ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। সোমবার বিশেষ ট্রাইব্যুনাল ও জননিরাপত্তা বিঘ্নকারী অপরাধ দমন ট্রাইব্যুনালের বিচারক এস এম সোলায়মান এ রায় ঘোষণা করেন।
সাজাপ্রাপ্তরা হলেন আব্দুস সাত্তার ওরফে ডিসকো সাত্তার, শওকত হোসেন ওরফে সাকা ও মো. বেল্লাল। তারা পলাতক রয়েছেন।
এছাড়াও এ মামলায় সুমন ওরফে নুরুজ্জামান ও বুলবুল ওরফে বুলুকে ১০ বছরের কারাদণ্ড, পাঁচ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ছয় মাস সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। নুরুজ্জামান ১২ বছর ধরে এই মামলায় কারাগারে রয়েছেন।
মামলার বিবরণে জানা যায়, ২০০৪ সালের ২৯ জানুয়ারি খুলনা মহানগরীর টুটপাড়া সরকার পাড়া এলাকায় সন্ত্রাসীদের বোমা হামলায় ইউপি চেয়ারম্যান আমীর আজম খান নিহত হন। এ মামলার তদন্ত শেষে পুলিশ হত্যা ও বিস্ফোরক দুটি অংশে চার্জশিট দাখিল করেন। হত্যা মামলায় আসামিরা খালাস পান। ২০০৮ সালের ২০ এপ্রিল খুলনার অতিরিক্ত জেলা ও দায়রা জজ তৃতীয় আদালতে হত্যা মামলার রায় হয়েছিল। সোমবার বিস্ফোরক মামলায় তিনজনের যাবজ্জীবন সাজা হয়।
রাষ্ট্রপক্ষে বিশেষ পিপি আরিফ মামহমুদ লিটন, আসামিপক্ষে আক্তার জাহান রুকু ও সেলিমা আক্তার মামলাটি পরিচালনা করেন।
/বিটি/টিএন/