ভারতে পাচারের সময় যশোরের শার্শা সীমান্তের রুদ্রপুর থেকে এক কেজি ৪০০ গ্রাম ওজনের ১২টি সোনার বারসহ দুই জনকে আটক করেছে বিজিবি। উদ্ধার সোনার আনুমানিক বাজারমূল্য এক কোটি ২০ লাখ টাকা।
বুধবার (৭ জুন) দুপুর আড়াইটার দিকে ২১ বিজিবি ব্যাটালিয়নের টহল দলের সদস্যরা তাদের আটক করেন।
আটক দুজন হলো– বেনাপোল পোর্ট থানার পুটখালী গ্রামের মিন্টু হালদারের ছেলে দেব হালদার (৪২) এবং একই এলাকার শফিকুল ইসলামের ছেলে সাইদুল ইসলাম (২৩)।
খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানভীর রহমান পিএসসি জানান, সীমান্তপথে একটি সোনার চালান ভারতে পাচার হবে এমন সংবাদে বিজিবি নজরদারি বাড়ায়। একপর্যায়ে রুদ্রপুর গ্রামের বিলপাড়া এলাকার মেইন পিলার ২২-এর পাশ দিয়ে দুই সন্দেহভাজন ব্যক্তি সীমান্তের দিকে প্রবেশের চেষ্টা করলে তাদের ধাওয়া করে আটক করা হয়। পরে তাদের দেহ তল্লাশি করে ১২টি সোনার বার পাওয়া যায়। এক কেজি ৪০০ গ্রাম ওজন এই সোনার বাজারমূল্য আনুমানিক এক কোটি ২০ লাখ টাকা।
আটক পাচারকারীদের বিরুদ্ধে সোনাপাচার আইনে মামলা দিয়ে শার্শা থানা পুলিশে সোপর্দ করা হয়েছে। আটক দুজন এলাকার চিহ্নিত সোনা, অস্ত্র ও মাদক পাচারকারী বলে জানান বিজিবি অধিনায়ক।