রাসিক নির্বাচন

নেতার কেন্দ্রীয় পদ না বলায় ইশতেহার ঘোষণা অনুষ্ঠানে হট্টগোল

রাজশাহী সিটি করপোরেশন নির্বাচনে জাতীয় পার্টির প্রার্থী সাইফুল ইসলাম স্বপনের ইশতেহার ঘোষণা অনুষ্ঠানে হট্টগোল হয়েছে। শনিবার (১০ জুন) দুপুর সাড়ে ১২টার দিকে দলীয় কার্যালয়ে এ ঘটনা ঘটে। পরিস্থিতি সামাল দিতে একপর্যায়ে তড়িঘড়ি করে অনুষ্ঠান ত্যাগ করেন মেয়র প্রার্থী স্বপন।

দুপুর সাড়ে ১২টার দিকে সাইফুল ইসলাম স্বপন ৩৬ দফা ইশতেহার ঘোষণা করেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন নগর জাতীয় পার্টির (জাপা) যুগ্ম আহ্বায়ক সালাউদ্দিন মিন্টু। এ সময় তিনি নেতাদের নাম ঘোষণা করেন। তবে নাম ঘোষণার সময়ে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের উপদেষ্টা আবুল হোসেনের কেন্দ্রীয় পদ বলেননি সঞ্চালক মিন্টু। এ নিয়ে নিজেদের মধ্যে হট্টগোল শুরু হয়।

আবুল হোসেন দাবি করে বলেন, ‘আমি জাতীয় পার্টির চেয়ারম্যানের উপদেষ্টা। আমার নাম বলেননি সালাউদ্দিন মিন্টু।’

সালাউদ্দিন মিন্টু বলেন, ‘আবুল হোসেন নিজেকে উপদেষ্টা দাবি করলেও তিনি কোনও পদে নেই। তাই বলিনি।’

জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য শামসুদ্দিন রিন্টু বলেন, ‘আবুল হোসেনের কেন্দ্রীয় যে পদ সেটি জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের উপদেষ্টা। এই পদটি বলেননি সঞ্চালক সালাউদ্দিন মিন্টু। এ নিয়ে একটু ভুল বোঝাবুঝি হয়েছে। বিষয়টি সমাধান হয়ে গেছে।’

এ ঘটনায় দুঃখ প্রকাশ করে জাতীয় পার্টির মেয়র প্রার্থী সাইফুল ইসলাম স্বপন বলেন, ‘পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদের জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের (এমপি) মনোনীত প্রার্থী হিসাবে রাজশাহী সিটিকে বাংলাদেশের একটি মডেল সিটি হিসাবে গড়ে তোলাই আমার দীর্ঘদিনের স্বপ্ন। ইতোমধ্যে জাতীয় পার্টির নয় বছরের শাসনামলে আপনারা রাজশাহীর ব্যাপক উন্নয়ন দেখেছেন, আবারও নতুন সব স্বপ্ন ও পরিকল্পনা বাস্তবায়নে আপনাদের দোয়া, সহযোগিতা ও মূল্যবান ভোট প্রার্থনা করছি।’

৩৬ দফা ইশতেহারে সাইফুল ইসলাম স্বপন বেকার যুবকদের কর্ম সংস্থানের লক্ষ্যে অগ্রাধিকার ভিত্তিতে বিভিন্ন ধরনের শিল্প কারখানা স্থাপন করার প্রতিশ্রুতি দেন। বাড়ির ট্যাক্স কমানো, পাড়া মহল্লায় পরিকল্পিতভাবে উন্নতমানের রাস্তা, ড্রেন নির্মাণ, নাগরিকদের নিরাপত্তা রক্ষায় সিসি ক্যামেরা স্থাপন, অপরাধ মুক্ত নগরী গড়া, প্রত্যেক মসজিদের ইমাম-মোয়াজ্জিনকে সম্মানজনক ভাতা প্রদানসহ সহিশুদ্ধ কোরআন শিক্ষার ব্যবস্থা, মুসলিম ছেলে-মেয়েকে মসজিদে ফ্রি কোরআন শিক্ষার ব্যবস্থা, প্রয়োজন অনুপাতে সকল ধর্মীয় প্রতিষ্ঠান মসজিদ, মন্দির, গির্জা সংস্কার করা হবে। 

এ ছাড়া সিটি করপোরেশনের প্রত্যেকটি ওয়ার্ডে নিজস্ব অর্থায়নে একটি করে আধুনিক স্কুল অ্যান্ড কলেজ স্থাপন করা হবে, সিটি করপোরেশনের স্থায়ী বাসিন্দাদের সন্তানদের অগ্রাধিকারের ভিত্তিতে ভর্তি ও লেখাপড়ার ব্যবস্থা করা, সিটি করপোরেশনের স্থায়ী গরীব-অসহায় গর্ভবতী মহিলা নাগরিকদের গর্ভকালীন সময় থেকে সন্তান প্রসব পর্যন্ত প্রয়োজনীয় চিকিৎসা ব্যয় মেটাতে সিটি করপোরেশন থেকে গর্ভকালীন ভাতা প্রদান করা হবে। রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতাল ও রেলওয়ে স্টেশনসহ অন্যান্য সকল সেবামূলক প্রতিষ্ঠানকে দালাল মুক্ত করা হবে।