হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ ইউনিয়নের বুরহানপুর গ্রামে যুক্তরাজ্য প্রবাসী জাকির হোসেন নামে এক ব্যক্তির বাড়ির পাশের ড্রেন থেকে পাইপগান উদ্ধার করেছে পুলিশ। সোমবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ডালিম আহমেদ।
ওসি জানান, পুলিশ অবৈধ অস্ত্র উদ্ধারকালে কাউকে গ্রেফতার করতে পারেনি।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, গ্রামের কবরস্থান নিয়ে গ্রামবাসীর সঙ্গে লন্ডন প্রবাসী জাকির হোসেনের পরিবারের দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। স্থানীয় গেদা মিয়া চৌধুরীর ছেলে রাহিম চৌধুরীর বিয়ে উপলক্ষে সরকারি সড়কের ওপর গেট বানানো হয়। গেটটি জাকিরের বাড়ির সামনে হওয়ায় মানহানি হয়েছে দাবি করেন তার ভাগনে তুহিন আহমেদ। মঙ্গলবার তুহিনের নেতৃত্বে ৮-১০ জন যুবক ওই গেট ভাঙচুর করে সরঞ্জাম ভেঙে বাড়িতে নিয়ে যান। এ ঘটনাকে কেন্দ্র করে রাহিমসহ পঞ্চায়েতের লোকজন ঘটনাস্থলে গেলে জাকিরের পক্ষের তুহিন, কয়েস, শরিফসহ অন্য যুবকদের সঙ্গে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। একপর্যায়ে উভয় পক্ষের লোকজন দেশি অস্ত্রশস্ত্রসহ সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষ চলাকালে উভয় পক্ষ অবৈধ আগ্নেয়াস্ত্র দিয়ে এলোপাতাড়ি গুলি ছুড়তে থাকে। সংঘর্ষে উভয় পক্ষের ৩০ জন আহত হয়। আহতদের মধ্যে ২০ জনকে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে এবং বাকিদের নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা করা হয়। খবর পেয়ে নবীগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করে। পরে ৮ জুন রাহিম চৌধুরীর পক্ষে তার চাচাতো ভাই ফখরুল চৌধুরী বাদী হয়ে ১০ জনকে অভিযুক্ত করে নবীগঞ্জ থানায় মামলা করেন।
রবিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে মামলার তদন্ত কর্মকর্তা জাহাঙ্গীর আলমসহ পুলিশ সদস্যরা জাকিরের বাড়ির সামনের ড্রেনের গর্ত থেকে পাঁচটি এমটি কার্তুজ এবং তিনটি লোহার পাইপ উদ্ধার করেন।
নবীগঞ্জ থানার ওসি বলেন, ‘জাকিরের বাড়ির পাশে নির্মাণাধীন ড্রেনের ভেতর থেকে দেশি প্রযুক্তিতে তৈরি পাইপগান উদ্ধার করা হয়। এ বিষয়ে পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।’