ব্রাহ্মণবাড়িয়ায় ছাত্রদলের ২ গ্রুপের সংঘর্ষ: ৮২ নেতাকর্মীর নামে মামলা

ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রদলের নবগঠিত আহ্বায়ক কমিটি ও পদবঞ্চিতদের মধ্যে সংঘর্ষের ঘটনায় পুলিশের পক্ষ থেকে পৃথক দুটি মামলা করা হয়েছে। মঙ্গলবার (১৩ জুন) বিকালে সদর থানার উপপরিদর্শক (এসআই) রাকিবুল হাসান ও সাইফুল ইসলাম বাদী হয়ে মামলা দুটি করেন। দুটি মামলায় ৮২ জন নেতাকর্মীর নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও অন্তত ২০০ জনকে আসামি করা হয়েছে।

এসআই রাকিবুল হাসানের করা মামলায় জেলা যুবদলের সাধারণ সম্পাদক ইয়াছিন মাহমুদ, জেলা কৃষকদলের আহ্বায়ক আবু শামীম মো. আরিফ ওরফে (ভিপি) শামীম, জেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক ফোজায়েল চৌধুরী ও সাবেক সদস্য সচিব মহসীন মিয়া, যুবদলের কুমিল্লার বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক তাজুল ইসলাম (ভিপি তাজুল), জেলা ছাত্রদলের আহ্বায়ক শাহীনুর রহমান, সদস্য সচিব সমির চক্রবর্তী ও সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলমগীর হোসেন ও সভাপতি জহিরুল ইসলাম, জেলা কৃষকদলের যুগ্ম আহ্বায়ক পৌর কাউন্সিলর কাউছার মিয়া, যুবদলের যুগ্ম আহ্বায়ক রুমেল উদ্দিন, আশুগঞ্জ উপজেলা যুবদলের সদস্য সচিব সেলিম পারভেজ ও আহ্বায়ক আলমগীর খাঁ, সরাইল উপজেলা ছাত্রদলের আহ্বায়ক শেখ জামাল হোসেন লস্কর ও যুগ্ম আহ্বায়ক শেখ জুনায়েদ আহমেদসহ আরও অনেকের নাম রয়েছে। এ ছাড়া এই মামলায় অজ্ঞাতনামা ১৩০-১৫০ জনকে আসামি করা হয়েছে।

অপর দিকে এসআই সাইফুল ইসলামের করা মামলায় জেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক ফোজায়েল চৌধুরী ও সদস্য সচিব মহসিন মিয়া, বর্তমান আহ্বায়ক শাহীনুর রহমান ও বর্তমান সদস্য সচিব সমীর চক্রবর্তী, যুবদল নেতা তাজুল ইসলাম (ভিপি তাজুর), ইয়াছিন মাহমুদ, পৌর বিএনপির সভাপতি নজির আহাম্মেদ ও সাধারণ সম্পাদক মিজানুর রহমান, কৃষকদল নেতা আবু আরিফ মো. শামীম, আশুগঞ্জ উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মারুফ আহম্মেদ ও যুগ্ম আহ্বায়ক মো. নাইম, আশুগঞ্জ উপজেলা ছাত্রদলের সদস্য সচিব আল আরাফাতের নাম রয়েছে। এই মামলায় অজ্ঞাতনামা ৫০-৬০ জন নেতাকর্মীকে আসামি করা হয়।

গত সোমবার বেলা সাড়ে ১১টার দিকে জেলা ছাত্রদলের আহ্বায়ক কমিটি নিয়ে জেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক ফোজায়েল চৌধুরীর নেতৃত্বে পদবঞ্চিত ছাত্রদলের নেতাকর্মীরা সদ্য ঘোষিত জেলা ছাত্রদলের নেতাকর্মীদের ওপর হামলা চালায়। এ সময় দুই পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া, ইটপাটকেল নিক্ষেপ, ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

ছাত্রদলের কমিটি ঘোষণা নিয়ে দফায় দফায় সংঘর্ষের ঘটনায় এখন পর্যন্ত পুলিশের পক্ষ থেকে তিনটি মামলা হয়েছে। তিনটি মামলায় ছাত্রদল, যুবদল ও কৃষকদলের নেতাকর্মীদের আসামি করা হয়।

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ওসি মোহাম্মদ এমরানুল ইসলাম বলেন, ‘ছাত্রদলের আহ্বায়ক কমিটি নিয়ে সোমবার নতুন কমিটি ও আগের কমিটির নেতাকর্মীদের মধ্যে হামলা, ইটপাটকেল নিক্ষেপ, ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এ ঘটনায় নতুন করে পুলিশ বাদী হয়ে দুটি মামলা করেছে। এ পর্যন্ত পুলিশের পক্ষ থেকে মোট তিনটি মামলা হয়েছে। তিন মামলায় মোট সাত জনকে গ্রেফতার করা হয়েছে। বাকিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।’