পারিবারিক কলহে স্ত্রীকে হত্যা, ২৮ বছর পর গ্রেফতার

হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক আসামিকে দীর্ঘ ২৮ বছর পর গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। বৃহস্পতিবার (১৬ জুন) দুপুরে এক সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেন র‌্যাব-১২ এর কোম্পানি কমান্ডার মীর মনির হোসেন (এসপি)।

এর আগে বুধবার রাতে চট্টগ্রামের ফটিকছড়ি বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার আজাহার আলী (৬০) বগুড়ার শিবগঞ্জের ছাতুয়া শালুকগাড়ী গ্রামের মৃত জসমত আলীর ছেলে।

কোম্পানি কমান্ডার মীর মনির হোসেন জানান, আজাহার আলী ১৯৯৩ সালে পারিবারিক কলহে প্রথম স্ত্রী জাহানারা বেগমকে হত্যা করেন। এ ঘটনায় ভুক্তভোগীর মামা আমজাদ হোসেন শিবগঞ্জ থানায় মামলা করেন। গ্রেফতারের পর দুমাস বগুড়ার জেলহাজতে থাকার পর ১৯৯৫ সালে জামিন লাভ করেন। এরপর চট্টগ্রামের ফটিকছড়িতে পালিয়ে যান। সেখানে বাবার নাম ও ঠিকানা পরিবর্তন করে চা বাগানে শ্রমিকের কাজ নেন আজাহার আলী। সাজা থেকে বাঁচতে আত্মীয়-স্বজনের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেন। এভাবে দীর্ঘ ২৮ বছর দেশের বিভিন্ন স্থানে আত্মগোপনে ছিলেন তিনি।

তিনি আরও জানান, আধুনিক তথ্য প্রযুক্তি ব্যবহার করে আজাহার আলীর অবস্থান নিশ্চিত করা হয়। বুধবার রাতে র‌্যাব-১২ বগুড়া ও র‌্যাব-৭ চট্টগ্রাম এর সদস্যদের যৌথ অভিযানে ফটিকছড়ি বাজার এলাকা থেকে আজাহার আলীকে গ্রেফতার করা হয়। বৃহস্পতিবার বিকালে তাকে বগুড়ার শিবগঞ্জ থানায় সোপর্দ করা হয়েছে। পরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।