ফেনীতে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক ডিভাইডারের সঙ্গে ধাক্কা লেগে আরোহী দুই বন্ধু নিহত হয়েছেন। মহিপাল হাইওয়ে থানার ওসি মোহাম্মদ মোস্তফা কামাল জানান, রবিবার (১৮ জুন) সকালে ফেনীর বিসিক সড়কের মাথা এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- কুমিল্লার দেবীদ্বার উপজেলার বনকোট এলাকার মো. আবুল হোসেনের ছেলে মো. তারেক (২০) এবং আবদুল আওয়ালের ছেলে মো. সজীব (১৯)। আহত আরেক সঙ্গী আবদুল করিমের ছেলে মো. বাবু (২১)।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, ওই তিন বন্ধু একই মোটরসাইকেলে করে শনিবার সন্ধ্যায় ফেনীতে বন্ধুদের আমন্ত্রণে বেড়াতে আসে। রাতে তারা ফেনীতে অবস্থান করে। রবিবার সকালের দিকে একই মোটরসাইকেলে করে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক হয়ে নিজ গ্রামে ফিরছিলেন। পথে ফেনী সদর উপজেলার বিসিক সড়কের মাথায় পৌঁছালে চালক মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক বিভাজকের সঙ্গে ধাক্কা দেয়। এতে তিন বন্ধু মোটরসাইকেল থেকে ছিটকে পড়েন।
খবর পেয়ে ফেনীর মহিপাল হাইওয়ে থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহত তিন জনকে উদ্ধার করে। পরে তাদের ফেনী জেনারেল হাসপাতালের নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মো. তারেককে মৃত ঘোষণা করেন। অপর আহত মো. সজীব এবং মো. বাবুকে হাসপাতালে ভর্তি করা হয়। ভর্তির কিছুক্ষণ পর সজীবও মারা যান।
ওসি মোহাম্মদ মোস্তফা কামাল বলেন, ‘দুই জনের মরদেহ ময়নাতদন্তের জন্য ফেনী জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে। আহত তরুণকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। মোটরসাইকেলটি পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে।’