ট্রেনে কাটা পড়ে প্রাণ গেলো স্বামী-স্ত্রীর

টাঙ্গাইলের গোপালপু‌রের ঝাওয়াইল ইউনিয়‌নের মোহাইল এলাকায় ট্রেনে কাটা পড়ে স্বামী-স্ত্রীর মৃত্যু হয়েছে। বৃহস্প‌তিবার (২২ জুন) দুপুর দেড়টার দি‌কে বঙ্গবন্ধু সেতুর পূর্বে জামালপুর অভিমুখী রেললাইনে এ ঘটনা ঘ‌টে।

মৃতরা হ‌লেন– উপ‌জেলার রাজ‌গোলাবা‌ড়ি গ্রা‌মের আব্দুল কা‌দেরের ছে‌লে মো. আরজু (৫০) এবং তার স্ত্রী শম্পা বেগম (৪০)।

উপ‌জেলার ঝাওয়াইল ইউনিয়ন প‌রিষ‌দের চেয়ারম‌্যান মিজানুর রহমান তালুকদার ব‌লেন, ‘পরিবার ও প্রতক্ষ্যদর্শীরা জানিয়েছেন, স্বামী-স্ত্রী একসঙ্গে বা‌ড়ি ফেরার সময় রেলব্রিজ পার হচ্ছিলেন। সে সময় আরজু ব্রিজ পার হলেও তার স্ত্রী পেছনে পড়েন। পরে ট্রেন আসার শব্দ পেয়ে আরজু তার স্ত্রীকে উদ্ধার করতে গেলে দুজনই ট্রেনে কাটা পড়ে মারা যান।’

তিনি আরও বলেন, ‘জামালপুর থে‌কে ছে‌ড়ে আসা লোকাল ট্রেনে কাটা পড়ে মৃত্যুর পরপরই স্বজনরা তাদের লাশ বাড়িতে নিয়ে যান। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।’