সাংবাদিকরা সমাজ পরিবর্তনের হাতিয়ার: প্রেস কাউন্সিল চেয়ারম্যান

সাংবাদিকদের সমাজ পরিবর্তনের হাতিয়ার হিসেবে আখ্যায়িত করেছেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি মো. নিজামুল হক নাসিম। বলেছেন, ‘সাংবাদিকরা সমাজ পরিবর্তনের হাতিয়ার। তিনি বলেন, বাংলাদেশের সংবাদপত্রের স্বাধীনতা ও সাংবাদিকদের মান নিশ্চিত এবং সংরক্ষণ করতে হবে। প্রেসকে স্বাধীন হতে হবে, সে যেন নিরপেক্ষভাবে সব খবর দিতে পারে সেই বন্দোবস্ত রাখতে হবে।’

বৃহস্পতিবার (২২ জুন) বিকালে শহরের সার্কিট হাউজে অনুষ্ঠিত গাজীপুর জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জেলা প্রশাসনের স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক কামরুজ্জামানের সভাপতিত্বে ‘প্রেস কাউন্সিল অ্যাক্ট ১৯৭৪ ও প্রেস কাউন্সিল প্রণীত সাংবাদিকদের জন্য আচরণবিধি প্রতিপালন” শীর্ষক এ সভা করে বাংলাদেশ প্রেস কাউন্সিল।

তিনি বলেন, ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাংবাদিকদের সম্মান করতেন। বঙ্গবন্ধুর সঙ্গে সাংবাদিকদের সুসম্পর্ক ছিল। তিনি সাংবাদিকদের মান উন্নয়নে কাজ করেছেন। তিনি প্রেস কাউন্সিল গঠন করেছেন। তিনি চেয়েছেন প্রেস কাউন্সিল হবে স্বাধীন এবং সাংবাদিকদের উন্নয়নে কাজ করবে।’

তিনি আরও বলেন, সাংবাদিকতার মান উন্নয়নের জন্য নতুন সাংবাদিকদের ন্যূনতম স্নাতক পাস বা সাংবাদিকতায় ৫ বছরের অভিজ্ঞতা এবং প্রেস কাউন্সিলের সনদ থাকতে হবে। এজন্য সাংবাদিকদের ডাটা বেইজ তৈরির কাজ চলছে। ইতোমধ্যে দেশের ২২টি জেলার সাংবাদিকদের ডাটা বেইজ তৈরির কাজ শেষ হয়েছে।

গাজীপুর জেলা প্রশাসনের সহযোগিতায় অনুষ্ঠিত সভায় জেলা তথ্য অফিসার ওবাইদুল কবির মোল্লা, জিএমপির সহকারী কমিশনার ফাহিম আসজাদ ও বাংলাদেশ প্রেস কাউন্সিলের সুপারিনডেন্ট সাখাওয়াত হোসেন উপস্থিত ছিলেন।