দীর্ঘমেয়াদি উন্নয়নে কৃষির উন্নয়ন অপরিহার্য: রাষ্ট্রপতি

টাঙ্গাইলে বক্তব্য দিচ্ছেন রাষ্ট্রপতি আবদুল হামিদদীর্ঘমেয়াদি উন্নয়ন নিশ্চিত করতে হলে কৃষি ও কৃষকের উন্নয়নের বিকল্প নেই বলে মন্তব্য করেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আবদুল হামিদ।  তিনি বলেন, বাংলাদেশের কাঙ্ক্ষিত প্রবৃদ্ধি অর্জন ও স্থিতিশীলতা সংরক্ষণে কৃষি ও কৃষকের ভূমিকাই মুখ্য।
মঙ্গলবার দুপুরে ময়মনসিংহে  শিল্পাচার্য জয়নুল আবেদিন মিলনায়তনে বাংলাদেশ কৃষি বিশ্ববদ্যিালয়ের (বাকৃবি) সপ্তম সমাবর্তন অনুষ্ঠানে তিনি এ সব কথা বলেন।
রাষ্ট্রপতি বলেন, বর্তমান সরকারের নিরলস প্রচেষ্টায় জলবায়ু পরিবর্তনজনিত বৈরিতা মোকাবেলা করে খাদ্যশস্য উৎপাদনে বাংলাদেশ আজ বিশ্বে একটি বিরল দৃষ্টান্ত স্থাপন করেছে।
সমাবর্তন অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ কৃষি বিশ্ববদ্যিালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. আলী আকবর। এবারের সমাবর্তনে ২০১০ সালের ডিসেম্বর থেকে ২০১৪ সালের জুন পর্যন্ত চার হাজার ৯০৯ জনকে ডিগ্রি দেওয়া হয়েছে।

এরপর টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার নবাব সৈয়দ নওয়াব আলী চৌধুরী প্রতিষ্ঠিত ঐতিহ্যবাহী নওয়াব ইনস্টিটিউশনের শতবর্ষ পূর্তি ও প্রাক্তণ শিক্ষার্থীদের পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন রাষ্ট্রপতি আবদুল হামিদ।

সেখানে প্রধান অতিথির বক্তব্যে রাষ্ট্রপতি বলেন,  আজকের শিক্ষার্থীরা আগামীর ভবিষ্যৎ। তাদের লক্ষ্য হতে হবে দেশ ও জাতীর কল্যাণে।এ জন্য সবাইকে সুশিক্ষায় শিক্ষিত হতে হবে।  তাহলেই বঙ্গবন্ধুর সোনার বাংলা সফল ও স্বার্থক হবে।

রাষ্ট্রপতি শিক্ষার্থীদের উদ্দেশ্যে আরও বলেন, প্রতিষ্ঠানটির শতবর্ষপূতি অনুষ্ঠানের মধ্যে দিয়ে শিক্ষার নবযাত্রা শুরু হবে বলে আমার বিশ্বাস। ঐতিহ্যকে ধারণ করে এই বিদ্যাপিঠের শিক্ষার্থীরা সামনের দিকে এগিয়ে যাবে।

ইন্সটিটিউট পরিচালনা কমিটির সভাপতি রফিকুল ইসলাম বাবুল এর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী কার্যালয়ের মূখ্য সচিব আবুল কালাম আজাদ, রাষ্ট্রপতির সামরিক সচিব মেজর জেনারেল আবুল হোসেন, সচিব ভূঁইয়া সফিকুল ইসলাম, চিকিৎসক মেজর জেনারেল এস.এম মোতাহার হোসেন, রাষ্ট্রপতির একান্ত সচিব সম্পদ বড়ুয়া, সহকারী সামরিক সচিব ব্রিগেডিয়ার জেনারেল মাইনুর রহমান, প্রেস সচিব জয়নুল আবেদীন প্রমুখ।

/এআর/এফএস/