গাজীপুরের কালিয়াকৈরে বেতন-বোনাসের দাবিতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে একটি তৈরি পোশাক কারখানার শ্রমিকরা। শনিবার (২৪ জুন) বিকালে উপজেলার সফিপুরের নিশ্চিন্তপুরে এমএসএ টেক্সটাইল কারখানার শ্রমিকরা এ কর্মসূচি পালন করেন।
এ সময় পুলিশের সঙ্গে শ্রমিকদের পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রেণে আনতে পুলিশ কয়েক রাউন্ড সর্টগানের গুলি ও কাঁদানে গ্যাস ছুড়ে। এ ঘটনায় পুলিশসহ অন্তত ১০ জন আহত হয়েছেন। এর আগে দুপুর আড়াইটার দেক ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করেন শ্রমিকেরা। এতে যানবাহন আটকা পড়ে মহাসড়কের উভয়দিকে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
শ্রমিকরা জানান, গত ৩১ মে এমএসএ টেক্সটাইল কারখানার এক শ্রমিক নিখোঁজ হন। নিখোঁজ শ্রমিকের সন্ধান চাইলে কারখানাটি বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। শ্রমিকরা কারখানা চালু ও ঈদ বোনাসসহ পাওনা বেতন পরিশোধের দাবি জানিয়ে শনিবার আন্দোলন করেন। এ সময় পুলিশ আসলে শ্রমিক ও পুলিশের সঙ্গে সংঘর্ষ হয়। সংঘর্ষে ১০ জন আহত হন।
গাজীপুর শিল্প পুলিশের সিনিয়র সহকারি পুলিশ সুপার কামরুল হাসান বলেন, ‘শ্রমিকরা বন্ধ কারখানা চালু ও ঈদ বোনাসসহ তাদের পাওনা ভাতাদি পরিশোধের দাবিতে দুপুর আড়াইটা থেকে বিক্ষোভ শুরু করে। পুলিশ পরিস্থিতি স্বাভাবিক রাখতে শ্রমিকদের দাবি নিয়ে কারখানা কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে। আলোচনা শেষ হতে না হতেই শ্রমিকরা ৪টার দিকে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করতে থাকে। এ সময় শ্রমিকরা পুলিশের গাড়িসহ কয়েকটি গাড়ির কাঁচ ভাঙচুর করে। পুলিশ শ্রমিকদের বুঝিয়ে সড়কের ওপর থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা চালালে তারা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছুড়তে থাকে। একপর্যায়ে সন্ধ্যা ৬টার দিকে পুলিশ কয়েক রাউন্ড সর্টগানের গুলি ও কাঁদানে গ্যাস ছুড়ে শ্রমিকদের ছত্রভঙ্গ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং মহাসড়কে যানবাহন চলাচল শুরু হয়েছে।’