কুষ্টিয়ার মিরপুরে মাইক্রোবাসচাপায় আবীর হোসেন (২০) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। শনিবার (১ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে কুষ্টিয়া-মেহেরপুর আঞ্চলিক মহাসড়কে মিরপুর পৌরসভার যুগিপোল নামক স্থানে এই দুর্ঘটনা ঘটেছে।
মিরপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার সবুজ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত আবীর উপজেলার ছাতিয়ান ইউনিয়নের ছাতিয়ান দক্ষিণপাড়ার শহিদুল ইসলামের ছেলে।
ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার জানান, শনিবার দুপুরে কুষ্টিয়া শহরে যাওয়ার পথে বিপরীত দিক থেকে আসা মাইক্রোবাসের সঙ্গে মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় ঘটনাস্থলেই আবীর নিহত হন। খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে। পরে মরদেহ পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।