বৈদ্যুতিক খুঁটিতে মোটরসাইকেলের ধাক্কা, প্রাণ গেলো ২ বন্ধুর

গাজীপুরে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা লেগে দুই বন্ধু নিহত হয়েছেন। আরও একজন আহত হয়েছেন। রবিবার (৯ জুলাই) বিকালে সদর থানার হাতিয়াব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যাক্তিরা হলেন- গাজীপুরের শ্রীপুর থানার বরমী সিটপাড়া এলাকার আব্দুস সামাদের ছেলে জাহিদ হাসান (২২) ও সদর থানার লক্ষীপুরা এলাকার লাভলু মিয়ার ছেলে আকাশ (২৭)। জাহিদ তার বাবার সঙ্গে জয়দেবপুর বাজার এলাকায় ব্যবসা করতেন।

গাজীপুর সদর থানার ওসি জিয়াউল ইসলাম জানান, বিকালে একটি মোটরসাইকেলে চড়ে তিন বন্ধু ঘুরতে বের হন। মহানগরীর চতর বাজার যাওয়ার পথে হাতিয়াব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে পৌছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এ সময় মোটরসাইকেলটির সড়কের পাশের বিদ্যুতের খুঁটির সঙ্গে ধাক্কা লাগে। এতে মোটরসাইকেল আরোহী জাহিদুল ইসলাম ঘটনাস্থলেই নিহত হন। তার অপর দুই বন্ধু আকাশ  ও সাকিব (২৩) গুরুতর আহত হন। তাদের ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে আকাশ মারা যান। খবর পেয়ে পুলিশ নিহতদের লাশ উদ্ধার করে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।