পটুয়াখালীর কলাপাড়ায় যাত্রীবাহী বাস উল্টে খাদে পড়ে মামুন (৩৫) নামে এক হেলপারের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে ১৫ যাত্রী। সোমবার দুপুর ১২টায় কুয়াকাটা-কলাপাড়া মহাড়কের মোহাম্মদপুরে এ দুর্ঘটনা ঘটে।
আহতদের মধ্যে পাঁচ জনকে বরিশাল শেরেবাংলা চিকিৎসা মহাবিদ্যালয় (শেবাচিম) হাসপাতালে পাঠানো হয়েছে।
মৃত মামুন দুমকী উপজেলার লেবুখালী গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বাসটি বেলা সাড়ে ১১টার দিকে কুয়াকাটা থেকে বরিশালের উদ্দেশে রওনা দেয়। পথে মোহাম্মদপুর এলাকায় পৌঁছালে দ্রুতগতির বাসটি অটোরিকশাকে ওভারটেক করতে গিয়ে উল্টে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই হেলপারের মৃত্যু হয়।
কলাপাড়া থানার ওসি আলী আহমদ জানান, বাসটির চালক পলাতক রয়েছে। লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হচ্ছে।