সমাবেশকে কেন্দ্র করে সাভারে চেকপোস্ট, দীর্ঘ যানজট

রাজধানীর নয়াপল্টনে বিএনপি এবং জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে আওয়ামী লীগ আজ (বুধবার) সমাবেশ করছে। দুই দলের এ কর্মসূচিকে কেন্দ্র করে ঢাকা-আরিচা মহাসড়কে রাজধানীর প্রবেশমুখ সাভারের আমিনবাজার এলাকায় চেকপোস্ট বসিয়ে পরিবহন, যাত্রী ও সন্দেহভাজন পথচারীদের তল্লাশি করছে পুলিশ। এর ফলে সড়কের ঢাকামুখী লেনে সৃষ্টি হয়েছে তীব্র যানজট। চরম ভোগান্তিতে পড়ছেন যাত্রীরা।

জানা গেছে, সাভারের বলিয়ারপুর থেকে আমিনবাজার বাসস্ট্যান্ড পর্যন্ত ঢাকাগামী লেনে পরিবহনগুলো যানজটে আটকে রয়েছে। অপর লেন দিয়ে বিপরীত দিকে যাতায়াত করা পরিবহনগুলো চলছে স্বাভাবিক গতিতে। আমিনবাজার বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় সাভার মডেল থানা এবং আমিনবাজার পুলিশ ফাঁড়ির সদস্যরা বাসের যাত্রী, সন্দেহভাজন পথচারীদের তল্লাশি করছেন। 

যানজটে আটকে বিরক্ত হয়ে অনেক যাত্রীকেই পায়ে হেঁটে আমিনবাজার এলাকা পার হতে দেখা গেছে। বকুল হাসান নামের একজন বলেন, ‘দীর্ঘক্ষণ যানজটে আটকে থেকে অবশেষে পায়ে হেঁটে রওনা হলাম। চেকপোস্টের কারণে এই যানজট সৃষ্টি হয়েছে।’

অনেকেই অভিযোগ করেছেন, চেকপোস্টের কারণে দেড় থেকে দুই ঘণ্টা তাদের যানজটে আটকে থাকতে হচ্ছে।

এদিকে, পথে তল্লাশি করে বিএনপি নেতাকর্মীদের বাধা দেওয়ার অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে। ঢাকা জেলা যুবদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক খোরশেদ আলম বলেন, ‘নেতাকর্মীদের নিয়ে ঢাকায় সমাবেশে যোগ দেওয়ার জন্য ৭০টি হাইয়েস গাড়ি ভাড়া করা হয়। তার মধ্যে ১৪টি সাভারের রেডিও কলোনি এলাকার জাহাঙ্গীরনগর সোসাইটি গেটের সামনে রাখা হলে পুলিশ চাবি নিয়ে যায়। এ ছাড়াও সড়ক থেকে আমাদের ৪০টি গাড়ি আটকে দেওয়া হয়েছে। সমাবেশে যাতে বিএনপির নেতাকর্মীরা যোগ দিতে না পারেন সে জন্য পুলিশ বিভিন্নভাবে বাধা দিচ্ছে।’

সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীপক চন্দ্র সাহা চাবি নিয়ে যাওয়ার বিষয়টি অস্বীকার করে বলেন, ‘ট্রাফিক সপ্তাহ চলছে। এটি আমাদের নিয়মিত তল্লাশিরই অংশ। তবে সমাবেশকে ঘিরে রাজধানীতে যাতে কোনও অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটতে না পারে সেজন্য তল্লাশিতে জোর দেওয়া হচ্ছে।’ তল্লাশির সময় কাউকে আটক করা হয়নি বলে জানান তিনি।