ঝলকাঠি সদর থানা থেকে পালিয়ে যাওয়ার চার ঘণ্টা পর আটক হয়েছে আসিফ হাওলাদার নামে এক আসামি। রবিবার (১৬ জুলাই) সকাল ৭টার দিকে থানা থেকে দৌড়ে পালিয়ে যায় ওই আসামি।
এ ঘটনার পরপরই তাকে খুঁজতে থাকে পুলিশ সদস্যরা। বিভিন্ন দিকে অভিযান ও তল্লাশি করে রাজাপুর থানার নাপিতের হাট খেয়াঘাট এলাকা থেকে ফের তাকে গ্রেফতার করে পুলিশ।
এর আগে শনিবার বিকালে দুই কেজি গাঁজাসহ পুলিশের গোয়েন্দা শাখা ডিবির অভিযানে শহরের রীড রোড থেকে আটক হয় আসিফ। ওদিন রাত ১১টার দিকে আসিফকে সদর থানায় সোপর্দ করে ডিবি।
আসিফের বয়স কম থাকায় তাকে থানা হাজতে না রেখে অন্য কক্ষে রাখা হয়। সকালে সুযোগ বুঝে দৌড়ে পালায়। তবে চার ঘণ্টা পর ফের আটক করা হয় তাকে।
আসিফ হাওলাদারের বাড়ি ঝালকাঠি সদর উপজেলার পোনাবালীয়া ইউনিয়নের রাজাপুর গ্রামে। সে ওই গ্রামের আলমগীর হাওলাদারের ছেলে।
এ ব্যাপারে ঝালকাঠি সদর থানার ওসি মো. নাসির উদ্দিন সরকার বলেন, ‘আসামি বয়স কম হওয়ায় হাজত খানায় রাখা হয়নি। হেল্প ডেস্ক রুমে রাখা হয়েছিল। সুযোগ বুঝে পালিয়ে যায়। পরে অনেক স্থানে তল্লাশি করে আবার আটক করা হয়েছে।’
ঝালকাঠি সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. মহিতুল ইসলাম বলেন, ‘পালিয়ে যাওয়া আসামিকে উদ্ধার করা হয়েছে। পালানোর সুযোগ কিভাবে পেলো সেটা খতিয়ে দেখা হচ্ছে।’