নির্বাচনে প্রমাণিত হয়ে যাবে কার কত ভোট আছে: বিএনপিকে স্বাস্থ্যমন্ত্রী

বিএনপিকে নির্বাচনে আসার আহ্বান জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, ‘আপনারা নির্বাচনে আসুন। মানুষের কাছে আপনাদের কতটুকু গ্রহণযোগ্যতা আছে তা নির্বাচনে এসে প্রমাণ করুন। আপনারা সংগঠন মানেন না, সংবিধান মানেন না। অসংবিধানিকভাবে কথা বলেন। নির্বাচনে প্রমাণিত হয়ে যাবে কার কতটুকু শক্তি আছে, কার কত ভোট আছে।’

রবিবার (২৩ জুলাই) সন্ধ্যায় মানিকগঞ্জ জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে গণসংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্বাস্থ্যমন্ত্রী এসব কথা বলেন। করোনা নিয়ন্ত্রণে বাংলাদেশ বিশ্বের মধ্যে পঞ্চম এবং এশিয়ার মধ্যে প্রথম হওয়ায় মানিকগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে তাকে এ সংবর্ধনা দেওয়া হয়।

স্বাস্থ্যমন্ত্রী বিএনপির উদ্দেশ্যে বলেন, ‘আওয়ামী লীগ ছোট দল নয়। বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা হিমালয় পর্বতের মতো দাঁড়িয়ে আছেন। হিমালয় পর্বতকে কেউ ধাক্কা দিয়ে ফেলতে পারবেন না। এটি আপনাদের বুঝতে হবে। এই দেশকে আপনারা কখনও আপন করে নিতে পারেননি। এখন হুমকি দেন, আওয়ামী লীগকে দেশ থেকে তাড়িয়ে দেবেন।

‘করোনার সময় কোথায় ছিলেন আপনারা? মানুষ যখন কষ্টে থাকে তখন আপনারা কোথায় থাকেন? করোনার সময় আপনাদের দেখিনি। মুক্তিযুদ্ধের সময় স্বাধীনতার বিরোধিতা করা জামায়াতকে এমপি-মন্ত্রী বানিয়েছেন। আপনারা শেখ হাসিনার ওপর গ্রেনেড হামলা করেছেন। আপনারা দেশকে দেউলিয়া করেদিয়েছেন।’

করোনাকালের স্বাস্থ্যসেবার কথা তুলে ধরে তিনি বলেন, ‘করোনাকালে যত চিকিৎসা হয়েছে তা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে হয়েছে। ৫০ হাজার কোটি টাকার ভ্যাকসিন বিনা মূল্যে বাংলার মানুষকে দেওয়া হয়েছে। যারা করোনার সময়ে সমালোচনা করেছিলেন তারা এখন কোথায়? আপনারা বলেছিলেন, প্রতিদিন বাংলাদেশে ৫ হাজার লোক মারা যাবে। আপনারা বলেছিলেন, চিকিৎসা দিতে পারবে না।

‘বাংলাদেশে ১৭ কোটি মানুষের মধ্যে শতকরা ৯৫ ভাগ মানুষকে ভ্যাকসিন দিতে পেরেছি। আমরা প্রতিটি মানুষকে হাসপাতালে চিকিৎসা দিতে পেরেছি। করোনায় বিশ্বের ৭০ লাখ মানুষ মারা গেছে, ৭০ কোটি মানুষ আক্রান্ত হয়েছিল। বাংলাদেশের এই ধরনের চিত্র হয়নি। বাংলাদেশের মানুষকে সম্মানের সঙ্গে চিকিৎসা দিতে পেরেছি। করোনা নিয়ন্ত্রণে আমরা বিশ্বের মধ্যে পঞ্চম এবং এশিয়ার মধ্যে প্রথম হয়েছি।’

জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা গোলাম মহীউদ্দীনের সভাপতিত্বে গণসংবর্ধনায় বক্তব্য দেন– বিসিবির পরিচালক ও মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এএম নাঈমুর রহমান দুর্জয়, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম, সহ-সভাপতি সাবেক মেয়র বীর মুক্তিযোদ্ধা গাজী কামরুল হুদা সেলিম, পৌর আওয়ামী লীগের সভাপতি আরশেদ আলী বিশ্বাস, সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম, জেলা মহিলা লীগের সভাপতি মৃদুলা রহমান, জেলা যুবলীগের আহ্বায়ক আব্দুর রাজ্জাক রাজা, জেলা শ্রমিকলীগের সভাপতি বাবুল সরকার, জেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি আবু বক্কর সিদ্দিকী তুষার, জেলা ছাত্রলীগের সভাপতি সিফাত কোরাইশী সুমন, সাধারণ সম্পাদক রাজিদুল ইসলাম প্রমুখ।