দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগে মাদারীপুরের কালকিনি উপজেলার রমজানপুর ইউনিয়ন শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক দুলাল হোসেন প্যাদাকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।
বুধবার (২ আগস্ট) দুপুরে উপজেলা ছাত্রলীগের সভাপতি বদিউজ্জামান বাকামিন খান এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহীন হোসেন এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন।
দুলাল হোসেন উপজেলার রমজানপুর এলাকার দক্ষিণ রমজানপুর গ্রামের হাফেজ প্যাদার ছেলে।
জানা গেছে, ওই ছাত্রলীগ নেতাকে মঙ্গলবার (১ আগস্ট) সকালে বরিশালের গৌরনদীতে দেশি অস্ত্র ও মাদকসহ আটক করে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। সে সময় তার কাছ থেকে দুটি পাইপগান, ১১০০ পিস ইয়াবা এবং ৫০ হাজার টাকার জালনোট উদ্ধার করা হয়।
বহিষ্কারের বিষয়ে প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘ছাত্রলীগ কালকিনি উপজেলা শাখার নির্বাহী কমিটির জরুরি সিদ্ধান্ত মোতাবেক জানানো যাচ্ছে যে, দলীয় শৃঙ্খলাভঙ্গ হয়, এমন কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে বাংলাদেশ ছাত্রলীগ উপজেলার রমজানপুর ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক দুলাল হোসেন প্যাদাকে সাময়িক বহিষ্কার করা হলো।’
এ বিষয়ে কালকিনি উপজেলা ছাত্রলীগের সভাপতি বদিউজ্জামান বাকামিন খান বলেন, ‘দুলালকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। তার বিরুদ্ধে একটি তদন্ত কমিটি গঠন করা হবে।’