মীরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় নাহিদ হোসেন শাওন (২৬) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। শুক্রবার (৪ আগস্ট) সকাল ৭টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মীরসরাই পৌরসভার বাদামতলী এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নাহিদ উপজেলার সাহেরখালী ইউনিয়নের ডোমখালী এলাকার মৃত আইয়ুব আলমের ছেলে।
নিহতের ভাই নাজমুল হোসেন মিশু জানান, নাহিদ হোসেন ঢাকা থেকে মোটরসাইকেলযোগে বাড়ি ফেরার পথে বাদামতলী এলাকায় অজ্ঞাত গাড়ির ধাক্কায় গুরুতর আহত হয়। পরে স্থানীয়দের সহযোগিতায় চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
তিনি আরও জানান, নাহিদ উপজেলার নিজামপুর সরকারী কলেজের ডিগ্রী দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিল। পড়ালেখার পাশাপাশি সে ঢাকায় এসি এন্টারপ্রাইজ নামে একটি প্রতিষ্ঠানের অফিস সহকারী হিসেবে কর্মরত ছিল।
উপজেলার ১৬ নং সাহেরখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুল হায়দার চৌধুরী বলেন, ‘নাহিদের মৃত্যুর খবর শুনে খুব খারাপ লাগছে। কয়েক মাস আগে তার বাবাও মারা গেছেন।’
জোরারগঞ্জ হাইওয়ে থানার ওসি সোহেল সরকার জানান, দুর্ঘটনার বিষয়ে কেউ আমাদের জানায়নি। পরিবারের পক্ষ থেকে মামলা করা হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।