রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় ছিনতাইকারী সন্দেহে বাঁধন মোল্লা (৩০) নামে এক যুবককে ফেরি থেকে পিটিয়ে পদ্মা নদীর মাঝখানে ফেলে দিয়েছে জনতা। শনিবার (৫ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে দৌলতদিয়া থেকে পাটুরিয়াগামী ভাষা শহীদ বরকত নামে একটি রো রো ফেরিতে এ ঘটনা ঘটে।
দৌলতদিয়া ফেরিঘাটের মাছ ব্যবসায়ী মো. চান্দু মোল্লা দ্রুত ইঞ্জিনচালিত একটি ট্রলার নিয়ে ওই যুবককে উদ্ধার করেন।
উদ্ধার হওয়া যুবকের বাড়ি বরগুনার তালতলি উপজেলার তালুকদারপাড়ায়।
মাছ ব্যবসায়ী মো. চান্দু মোল্লা জানান, তিনি তার ব্যবসা প্রতিষ্ঠানে বসেছিলেন। হঠাৎ নদীতে এক ব্যক্তিকে ভেসে যেতে দেখেন। কাছাকাছি থাকা একটি ট্রলার নিয়ে ৫ ও ৭ নম্বর ফেরিঘাটের মাঝামাঝি স্থান থেকে ওই ব্যক্তিকে উদ্ধার করেন। আর একটু দেরি হলে হয়তো তাকে জীবিত উদ্ধার করা সম্ভব হতো না। পরে তাকে স্থানীয় নৌ-পুলিশের হাতে তুলে দেন।
উদ্ধার হওয়া যুবক বলেন, ‘আমি দৌলতদিয়া থেকে ফেরিতে উঠে পাটুরিয়া হয়ে ঢাকায় যাচ্ছিলাম। ফেরিতে এক ছিনতাইকারী এক নারীর ভ্যানিটি ব্যাগ কৌশলে হাতিয়ে নেওয়ার চেষ্টা করে। এ সময় আমি কিছু বুঝে ওঠার আগেই ছিনতাইকারী দৌড়ে এসে আমার হাতে ব্যাগটা ধরিয়ে দিয়ে ভিড়ের মধ্যে আড়াল হয়ে যায়। পরে জনতা এসে আমাকে বেদম মারধর করে। এরমধ্যে এক যুবক আমাকে লাথি মেরে পদ্মা নদীতে ফেলে দেয়।’
তিনি জানান, বেশ কিছুক্ষণ ভেসে থাকার পর একপর্যায়ে ক্লান্ত হয়ে ডুবে যাচ্ছিলেন।
দৌলতদিয়া নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ জে এম সিরাজুল কবির বলেন, ‘উদ্ধার হওয়া যুবক আমাদের হেফাজতে রয়েছে। ছিনতাইয়ের ঘটনাটি অধিকতর নিশ্চিত হতে আমরা কাজ করছি। তার সংশ্লিষ্টতা রয়েছে কিনা সেটাও খতিয়ে দেখা হচ্ছে। এ ব্যাপারে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।’