রাঙামাটিতে টানা সাত দিনের মাঝারি ও ভারী বর্ষণে পাহাড় ধসে ৩৮১ বসতঘর ধসে ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে আহত হয়েছে ১০ জন। এদিকে মঙ্গলবার (৮ আগস্ট) সকালে ভারী বর্ষণে বাঘাইছড়ি, জুরাছড়ি, বিলাইছড়ি ও বরকল উপজেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়ে পানিবন্দি হয়ে পড়েছে প্রায় ৩০ হাজার মানুষ।
জেলার আবহাওয়া অফিসের তথ্য মতে, গতকাল সোমবার সন্ধ্যা থেকে মঙ্গলবার সকাল ৬টা পর্যন্ত ৬৮.৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। মঙ্গলবার সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ৪৬.৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
রাঙামাটি সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী সবুজ চাকমা বলেন, ‘টানা বর্ষণে রাঙামাটি-চট্টগ্রাম, রাঙামাটি-খাগড়াছড়ি এবং রাঙামাটি বান্দরবান সড়কের বিভিন্ন পয়েন্টে ৪৪টি স্থানে পাহাড় থেকে মাটি ধসে পড়ে। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে মাটি সরিয়ে যান চলাচল স্বাভাবিক রাখার চেষ্টা করছি।’