২০০১ সালে ঢাকার ক্যান্টনমেন্ট এলাকায় সংঘটিত একটি হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ ও র্যাবের যৌথ দল। মঙ্গলবার (১৫ আগস্ট) দিবাগত রাতে ফরিদপুর জেলার ভাঙা থানা এলাকা থেকে তাকে গ্রেফতার করে কুড়িগ্রামের উলিপুর থানা পুলিশ ও র্যাবের একটি দল। পরে বুধবার আসামিকে কুড়িগ্রাম আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
কুড়িগ্রামের পুলিশ সুপার (এসপি) আল আসাদ মো. মাহফুজুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
গ্রেফতার আসামির নাম আনোয়ারুল ইসলাম (৪০)। তিনি উলিপুর পৌর এলাকার পূর্ব শিববাড়ি এলাকার শামসুল হকের ছেলে। সাজাপ্রাপ্ত হওয়ায় তিনি দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। ঢাকা ক্যান্টমেন্ট থানার মামলার আসামি হওয়ায় উলিপুর থানা পুলিশ হত্যাকান্ড সম্পর্কে বিস্তারিত কিছু জানাতে পারেনি।
জেলা পুলিশ জানায়, ২০০১ সালে ঢাকা ক্যান্টনমেন্ট এলাকায় সংঘটিত একটি হত্যা মামলার আসামি ছিলেন আনোয়ারুল। ওই মামলায় ঢাকা দ্রুত বিচার ট্রাইবুনাল-২ আদালত ২০১৬ সালে তার মৃত্যুদণ্ডের আদেশ দেন। কিন্তু আনোয়ারুল আদালতে আত্মসমর্পণ না করে পলাতক ছিলেন। শাস্তি এড়াতে তিনি দেশের বিভিন্ন জেলায় অবস্থান পরিবর্তন করে পলাতক ছিলেন। পরোয়ানা পাওয়ার পর তার খোঁজে বিভিন্ন কৌশল নেয় পুলিশ। পরে অবস্থান নিশ্চিত হয়ে ফরিদপুর থেকে তাকে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ ও র্যাবের যৌথ দল।
উলিপুর থানার ওসি গোলাম মর্তুজা বলেন, ‘গ্রেফতার ব্যক্তি ঢাকার ক্যান্টনমেন্ট থানার মামলার দণ্ডপ্রাপ্ত আসামি ছিলেন। আমরা আদালতের পরোয়ানা মূলে আসামিকে গ্রেফতার করেছি। তাকে কারাগারে পাঠানো হয়েছে।’