নোয়াখালী জেনারেল হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে মো. রিয়াদ (৩২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর জেলায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দুই জনের মৃতু হলো। পাশাপাশি গত ২৪ ঘণ্টায় আরও ২১ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।
নতুন আক্রান্তদের মধ্যে জেনারেল হাসপাতালে ৯ জন ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে ১২ জন চিকিৎসা নিচ্ছেন। এ ছাড়া জেলার বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন ৮৬ জন।
শনিবার (১৯ আগস্ট) দুপুরে তথ্যগুলো নিশ্চিত করেন জেলা সিভিল সার্জন মাসুম ইফতেখার ও জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মো. হেলাল উদ্দিন। রিয়াদ লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার মো. ইউছুফের ছেলে।
হাসপাতাল সূত্রে জানা গেছে, চলতি মাসের শুরুতে জেলায় ডেঙ্গু সংক্রমন বেশি ছিল। গত সপ্তাহের শেষের দিকে ডেঙ্গু রোগীর সংখ্যা কমতে শুরু করেছে। গত বৃহস্পতিবার দুপুরে পাশ্ববর্তী কমলনগর উপজেলা থেকে রিয়াদ নামের এক যুবককে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। তার পরিবারের লোকজন তার ডেঙ্গু পজেটিভ রিপোর্ট নিয়ে আসে। রোগীর অবস্থা দেখে কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকা নিয়ে যাওয়ার জন্য পরামর্শ দেন। পারিবারিক সমস্যা থাকায় তারা এখানে চিকিৎসা নিতে সম্মতি প্রকাশ করেন। তাদের ইচ্ছে অনুসারে রিয়াদকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার রাতে মারা যায় রিয়াদ। রাতেই পরিবারের লোকজন তার মৃতদেহ বাড়িতে নিয়ে যায়।
গত ৪ আগস্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান লক্ষ্মীপুরের রামগতি উপজেলার পূজা নগর গ্রামের নেছার উদ্দিন।