ট্রাকচাপায় ট্রাফিক পুলিশ নিহতের ঘটনায় চালকসহ গ্রেফতার ৩

গাইবান্ধায় ট্রাকের ধাক্কায় ট্রাফিক পুলিশ সদস্য বিপ্লব প্রামাণিক নিহতের ঘটনায় চালকসহ তিন জনকে গ্রেফতার করেছে পুলিশ। একই সঙ্গে ট্রাকটি জব্দ করা হয়। 

শনিবার (২৬ আগস্ট) দুপুরে পুলিশ সুপার কার্যালয়ে সংবাদ সম্মেলন এ তথ্য জানিয়েছেন পুলিশ সুপার (এসপি) মো. কামাল হোসেন। 

গ্রেফতার তিনজন হলেন- ট্রাক মালিক আনিছুর রহমান (৪৪), চালক জামাল মিয়া (৩৫) ও সহকারী মশিউর রহমান (২৯)। 

এসপি কামাল হোসেন জানান, গত বৃহস্পতিবার গাইবান্ধা জেলা শহরের পুরোনো জেলখানা মোড়ে ট্রাফিক পুলিশের সদস্য তার দায়িত্ব পালন করছিলেন। এ সময় সকাল ৬টার দিকে একটি ট্রাক বালাসীঘাট থেকে রংপুরে দিকে যাওয়ার সময় ওই পুলিশ সদস্যকে চাপা দেয়। এর পর ট্রাকটি নিয়ে দ্রুতগতিতে পালিয়ে যায় চালক। 

ঘটনার পর সিসি ক্যামেরার ফুটেজ দেখে তথ্য প্রযুক্তির সহায়তায় ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করা হয়। এরপর রংপুর মহনগর এলাকা থেকে ট্রাকচালক জামাল মিয়া, সহযোগী মশিউর রহমান ও ট্রাক মালিক আনিছুর রহমানকে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞসাবাদে তারা কর্তব্যরত ট্রাফিক পুলিশ সদস্যকে চাপা দিয়ে হত্যা করার কথা স্বীকার করেছে। একই সঙ্গে তাদের দেওয়া তথ্যে ট্রাকটি মাহিগঞ্জের বালাটারী গ্রামের একটি গ্যারেজে থেকে উদ্ধার করা হয়।

এ ঘটনায় সদর থানায় একটি মামলা হয়েছে। গ্রেফতার তিন জনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানোর প্রক্রিয়া চলছে বলেও জানান পুলিশ সুপার কামাল হোসেন।